নিষেধাজ্ঞা অমান্য করে বাঁশ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ও কর্ণফুলী নদীপথে প্রতিদিন বাঁশ পাচার চলছে। রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদ থেকে ট্রাক বোঝাই করে প্রতিদিন এসব বাঁশ পাচার করা হচ্ছে। মোটা অঙ্কের উৎকোচ নিয়ে সড়ক ও নদীপথে অবস্থিত বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তারা বাঁশ পাচারে সহযোগিতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় একাধিক সূত্র জানায়, কাঁচামালের ঘাটতি পূরণে কর্ণফুলী কাগজকল (কেপিএম) কর্তৃপক্ষ রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে সংগৃহীত বাঁশ সরবরাহে নিষেধাজ্ঞা জারি করে, যা গত ১ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। গত ৩০ আগস্ট এ বিজ্ঞপ্তি জারি করা হয়। সূত্র জানায়, কাঁচামাল হিসেবে বাঁশ ও নরম কাঠ দিয়ে কাগজ তৈরি করে কেপিএম। ফলে বাঁশ সংরক্ষণের জন্য কেপিএম তিন পার্বত্য জেলার সংরক্ষিত বনাঞ্চলে সহস্রাধিক বাঁশ প্রজনন এলাকা কূপ হিসেবে চিহ্নিত করে; যেখান থেকে কেপিএমের নিযুক্ত ব্যবসায়ীরা বাঁশ সংগ্রহ করেন। এই বাঁশ কেপিএম ছাড়া অন্যত্র সরবরাহ না করার কঠোর শর্ত রয়েছে, যা লঙ্ঘন করে ব্যবসায়ীরা কূপ থেকে সংগৃহীত বাঁশ বন বিভাগের বা অন্য ব্যবসায়ীদের দিয়ে দেশের শহরগুলোতে পাচার করে আসছে।কেপিএমের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় সূত্র জানায়, কূপগুলোতে প্রয়োজনীয় বাঁশ থাকলেও ব্যবসায়ীরা বেশি লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। এতে বাঁশসংকটে পড়ে কেপিএমের কাগজ উৎপাদন ব্যাহত হয়। ফলে কলটি প্রায় লোকসানের সম্মুখীন হচ্ছে। তাই কাঁচামালের ঘাটতি মেটাতে কেপিএম কর্তৃপক্ষ এবার তিন পার্বত্য জেলা থেকে সংগৃহীত বাঁশ পাচারে নিষেধাজ্ঞা জারি করে। অথচ এই নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাঁশ পাচার অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা। সূত্র জানায়, কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে কেপিএমের ৫০ লাখ বাঁশ মজুদ আছে, যা পাচার রোধে কাপ্তাই জেটি বন্ধ রাখার নির্দেশ রয়েছে। কিন্তু জেটি কর্তৃপক্ষ রাতের আঁধারে হ্রদ থেকে বাঁশ কর্ণফুলী নদীতে পার করে দিচ্ছে। ট্রাক বোঝাই করার ক্ষেত্রেও নীরব ভূমিকা পালন করছে। তা ছাড়া রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কার্যালয় থেকে টিপি দিয়ে বন বিভাগের বাঁশ হিসেবে পাচারে সুযোগ করে দিচ্ছে।কাপ্তাই বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ খান বলেন, তিন পার্বত্য জেলার পাল্পউড বাগান বিভাগ কেপিএমের কূপগুলো সংরক্ষণ করে। কেপিএম কর্তৃপক্ষের কারসাজি ও পাল্পউড বাগান বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় তারা দেশের বিভিন্ন স্থানে কূপের বাঁশ ও নরম কাঠ পাচার করছে। এমনকি বেসরকারি দুটি কাগজকলের সঙ্গে আঁতাত করে কাঁচামালের সংকট সৃষ্টি করে লাভবান হচ্ছে তারা। আর খেসারত দিতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, পার্বত্য চট্টগ্রামে বাঁশ ব্যবসার সঙ্গে দেশের বিভিন্ন স্থানের প্রায় ১০ হাজার ব্যবসায়ী জড়িত, যাঁদের প্রায় ৫০ লাখ বাঁশ কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে মজুদ রয়েছে। এই বাঁশ সঠিক সময়ে বিক্রি করতে না পারলে পানিতে পচে গলে নষ্ট হবে। রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের বাঁশ ব্যবসায়ী আবদুস ছাত্তার বলেন, কেপিএম কর্তৃপক্ষ প্রতি হাজার বাঁশ (জাতভেদে) ১০ থেকে ১৭ হাজার টাকায় কেনে। কিন্তু সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতি হাজার বাঁশ আহরণ ও পরিবহনে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়, যা ৫০ থেকে ৫২ হাজার টাকায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। কেপিএমের নির্ধারিত মূল্যে বাঁশ বিক্রি করলে ব্যবসায়ীরা বিপুল অর্থ লোকসানের সম্মুখীন হবেন। তাই চুরি করে হলেও এই বাঁশ বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে।কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রাঙামাটি উত্তর বন বিভাগের মাচালং, লক্ষ্মীছড়ি, সিজক, পাবলাখালী রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে কেপিএমের কোনো কূপ নেই। সেখান থেকে সরকারি রাজস্ব পরিশোধের মাধ্যমে বাঁশ আহরণ করে ব্যবসায়ীরা কয়েক যুগ ধরে কাপ্তাই হ্রদ থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। কিন্তু কাঁচামালসংকটের অজুহাতে কেপিএম কর্তৃপক্ষ বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা জারি করায় পথে বসার উপক্রম হয়েছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের অভিযোগ, কেপিএম তাদের কূপে বাঁশ না পেয়ে বাঁশ পাচারে নিষেধাজ্ঞা আরোপ করে ব্যবসায়ীদের বাঁশ জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করছে।কেপিএমের কাপ্তাই বাঁশ আহরণকেন্দ্রের ব্যবস্থাপক দারুজ্জামান প্রথম আলোকে বলেন, কাঁচামালসংকট নিরসনে বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করায় ব্যবসায়ীরা ইতিমধ্যে কেপিএমে ১০ লাখ বাঁশ বিক্রি করেছে। ফলে কেপিএমে কাগজ উৎপাদন বেড়েছে। কাগজ উৎপাদনের স্বার্থে যা করা প্রয়োজন, কেপিএম কর্তৃপক্ষ তা-ই করবে বলে মন্তব্য করেন তিনি।