নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ছাত্রসংগঠন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এ মিছিল ও সমাবেশ করে তারা।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে ছাত্রলীগ, ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মজলিস ও তালামীযে ইসলামীয়া।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের মিছিল, ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আজ অনার্স প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রথম মিছিল বের করে ছাত্রলীগ। এর পরপরই অন্য ছাত্র সংগঠনগুলো মিছিল বের করে।

মিছিল ও সমাবেশ করার বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অনীক ধর বলেন, ‘মিছিল ও সমাবেশসহ অন্য রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। কোনো প্রকার আলোচনা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরনের নিষেধাজ্ঞা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে ভূলুণ্ঠিত করেছে। আমরা এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’

মিছিল সমাবেশ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা থাকার পরও ছাত্রসংগঠনগুলো মিছিল ও সমাবেশ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে তাদের কার্যক্রমে কোনো বাধা দিইনি। তবে নির্দেশ অমান্য করায় ছাত্রসংগঠনগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’