চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ২১ শিক্ষার্থীকে সতর্ক করে চিঠি
নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে মিছিল করায় ছাত্রলীগের ২১ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নোটিশের জবাব পাওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে তাঁদের সতর্ক করে আবারও চিঠি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্র জানায়, ৫ জুন মিছিল করায় ২১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গৌতম কুমার দেবনাথ। নোটিশের জবাব দিতে তাঁদের দুদিন সময় বেঁধে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা সবাই নোটিশের জবাব দেন।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেছেন, ৫ জুন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের খুনের ঘটনার প্রতিবাদে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ক্যাম্পাসে কর্মীরা মিছিল করেন। ওই দিন বিকেলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসব কারণে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই বলে জানিয়েছেন কর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১২ এপ্রিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও কর্তৃপক্ষ ক্যাম্পাসে মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে, যা এখনো অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গৌতম কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, ৫ জুন ২১ শিক্ষার্থী প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ জন্য প্রথমে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর জবাব পাওয়ার পর সতর্ক করে তাঁদের চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি তাঁদের অভিভাবকদের কাছেও পাঠানো হবে। এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রতিবাদে ছাত্রলীগের কর্মীদের মিছিল করার বিষয়টি জানা নেই বলে জানান প্রক্টর। তিনি বলেন, শিক্ষার্থীদের সতর্ক করে দেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটকে জানানো হবে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই শিক্ষার্থী আদিত্য চৌধুরী ও সরওয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এসপির স্ত্রী খুন ও জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল করে আমরা কোনো অপরাধ করিনি। তারপরও আমাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’ তাঁরা ক্যাম্পাস থেকে রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।