লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা ১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। স্থানীয় মজুচৌধুরীর মাছঘাট এলাকা থেকে কোস্টগার্ড গত বৃহস্পতিবার ওই মাছ জব্দ করে।সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র মজুমদার বলেন, আটক করা মাছ নিলামে ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ওই মাছ বহনের অভিযোগে একটি পিকআপ গাড়ির চালকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদী এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষিত হয়েছে। ওই এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসব্যাপী জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। জেলা মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, অভাবের তাড়নায় কিছুসংখ্যক জেলে নিষেধ অমান্য করার ঝুঁকি নিয়েও জাটকা নিধন করছেন।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড নিষিদ্ধ কারেন্ট জালসহ জাটকা আটকের জন্য প্রায়ই নামমাত্র অভিযান চালায়। রামগতি, কমলনগর উপজেলার লুধুয়া, কটোরিয়া ঘাট, বাতিরঘাট, কাচিয়াঘাট, চতলারঘাট, তালতলি, মতিরহাট এবং সদর উপজেলার মজুচৌধুরীর হাট ও মাছঘাট এলাকার মেঘনা নদীতে অবাধে জাটকা নিধন চলছে। জেলার বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে ওই মাছ চড়া দামে বিক্রি হয়।নাম প্রকাশ না করার শর্তে মতিরহাট এলাকার কয়েকজন জেলে জানান, নিষেধাজ্ঞা রয়েছে বলে দিনের বেলা জেলেরা মাছ শিকার করেন না। তবে গভীর রাতে নদীতে জোরদার টহল না থাকায় সুযোগ বুঝে মাঝনদীতে জাল ফেলে জাটকা শিকার চলছে।মতিরহাট এলাকার জেলে মাসুদ আলম বলেন, বাংলা নববর্ষবরণ সামনে রেখে সবাই ইলিশ সংরক্ষণ করছে। তাই ইলিশের দাম খুব বেশি। বেশি লাভের আশায় জেলেরা মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করছেন। তবে ইলিশসহ বিভিন্ন মাছ শিকারের অভিযোগ অস্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘মৎস্য শিকার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মাছ ধরার অনেক জাল আটক করে পোড়ানো হয়েছে।’ জেলার কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাটে গত মাসে জাটকা শিকারকালে জেলেদের সঙ্গে মতিরহাট ক্যাম্পের কোস্টগার্ড সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় ১২ জেলে গুলিবিদ্ধ হন। এ ছাড়া মেঘনার কটোরিয়ায় দুই সপ্তাহ আগে গভীর রাতে মাছ ধরার সময় কার্গোর ধাক্কায় তিন জেলে নিহত ও পাঁচ জেলে আহত হন।