নিষেধাজ্ঞা অমান্য করে রাতে ইলিশ ধরছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। ভ্রাম্যমাণ আদালতের ভয়ে বেশির ভাগ জেলে এখন রাতের আঁধারে ইলিশ ধরতে নামছেন। এ সময় ধরা পড়া ইলিশ গোপনে, অনেক কম দামে বিক্রি হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা ও পাথরঘাটা: রাত নামলেই দলে দলে জেলেরা নেমে পড়েন নদ-নদীতে। ইঞ্জিন না চালিয়ে প্রথমে দাঁড় বেয়ে মাঝনদীতে গিয়ে জাল ফেলে কিনারে এসে বসে থাকেন। শেষ রাতে নদীতে ভাটা লাগলে জাল তুলতে আবার একইভাবে মাঝনদীতে যান এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরে আনেন। এভাবেই বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর নদনদীতে এবং বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার। বরগুনা ও আশপাশের জেলার কমপক্ষে তিন হাজার ট্রলার ও ছোট নৌকায় করে জেলেরা উপকূলের এই তিন নদী ও বঙ্গোপসাগরের মোহনাজুড়ে ইলিশ শিকার করছেন। গত রোববার রাতে বরগুনার মাঝের চর এলাকায় গিয়ে দেখা গেছে, জাফর হাওলাদার নামে এক জেলে ছোট ডিঙি নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরছেন। বেল্লাল নামে তাঁর এক সহকর্মী জেলে এ সময় জাল টেনে নৌকায় তুলছিলেন। জালের ফাঁসে আটকে আছে চকচকে রুপালি ইলিশ। নৌকা নিয়ে একটু সামনে এগোতেই দেখা গেল, বরগুনা সদর উপজেলার গুলশাখালী এলাকার টুলু ও জাকারিয়া, পাথরঘাটার কাকচিঁড়া এলাকার ছগির হোসেন ও সেন্টু, কালমেঘার কালাম ও শাহ আলম বিষখালী নদীতে ইলিশ ধরছেন। রাত ১০টা থেকে তিনটা পর্যন্ত বিষখালী, পায়রা ও বলেশ্বর নদী ঘুরে এমন অসংখ্য জেলেকে নৌকা ও ট্রলার নিয়ে ইলিশ মাছ ধরতে দেখা যায়। জেলেরা জানান, রাতের বেলা ধরা এসব মাছ তাঁরা ১০০-১৫০ টাকা কেজি দরে বিক্রি করেন। গ্রামে গ্রামে ঘুরে ও স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে এসব মাছ বিক্রি করেন তাঁরা। জেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘আমরা ছয়টি ভ্রাম্যমাণ দল নিয়ে দিনে ও রাতে অভিযান চালাচ্ছি এবং প্রতিদিনই জেল-জরিমানা দিচ্ছি।’ পটুয়াখালী: জেলার বাউফলের তেঁতুলিয়া নদী, কলাপাড়ার লতাচাপলী আন্ধারমানিক নদীর মোহনা, দশমিনার বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া, গলাচিপার আগুনমুখা, কাজল নদীসহ বেশ কিছু পয়েন্টে জেলেরা ইলিশ শিকার করছেন।দশমিনার বুড়াগৌরাঙ্গ নদীপারের এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কী করুম? পেটের দায়ে রাতে মাছ ধরি। এমনেই এই বছর নদীতে ইলিশ কম ধরা পড়ছে। এহন জাল ফেললেই ইলিশ ধরা পড়ে। অন্য কোনো কাজের ব্যবস্থা থাকলে এহন নদীতে জাল ফেলতাম না।’ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির দশমিনা উপজেলা সভাপতি সিকদার নজরুল ইসলাম বলেন, আসলে এই অঞ্চলের জেলেরা গরিব। এই ১১ দিন জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে হয়তো তারা ইলিশের ভরা প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলত না। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, জেলায় ইলিশ শিকারির সংখ্যা রয়েছে ৪১ হাজার। আর ইলিশের প্রজননকেন্দ্র রয়েছে সাগর মোহনাসহ প্রায় আড়াই হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে এক বর্গকিলোমিটার নদীতে অভিযান চালাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় পেরিয়ে যায়। প্রতিদিন অভিযান চলছে।রায়পুর (লক্ষ্মীপুর): জেলে আবু তাহের ও মফিজ মিয়া জানান, নিষেধাজ্ঞার সময় সাধারণ জেলেরা নদীতে মাছ ধরতে সাহস পান না। ক্ষমতাসীন দল-সমর্থিত প্রভাবশালী ইঞ্জিন নৌকার মালিক, মাছের আড়তদার ও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে গত বছর নদীতে অবাধে ইলিশ ধরেছেন। এবারও ওই সব প্রভাবশালী জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরছেন। স্থানীয় প্রশাসন নদীর পাড়ে তৎপরতা চালায়। তারা নদীতে নামে না। এ সুযোগে নদীতে মাছ ধরতে তৎপর আছেন জেলেরা। প্রশাসনের একটি সূত্র জানায়, মেঘনায় অভিযানের জন্য সরকারি কোনো স্পিডবোট নেই। প্রশাসনকে ভাড়া করা ইঞ্জিনচালিত নৌকা দিয়ে মেঘনায় অভিযান চালাতে হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মেঘনা নদী এলাকায় অবৈধভাবে বসানো ছয়টি মাছঘাট ভেঙে দেওয়া হয়েছে। ১৭টি বরফকলের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন নদীতে ইলিশ ধরা রোধে প্রশাসন তৎপর রয়েছে।