নিষেধাজ্ঞা অমান্য করে সিপিবি-বাসদের মিছিল, সমাবেশ
সরকার রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রাজধানীর মুক্তি ভবনে সিপিবির কার্যালয়ের সামনে থেকে আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মিছিল শুরু করে সিপিবি ও বাসদ। সেখান থেকে সিপিবি ও বাসদের অর্ধশতাধিক নেতা-কর্মী প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ শুরু করতে চান। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। এরপর পুলিশ সিপিবি ও বাসদকে ১০ মিনিটের জন্য সমাবেশের অনুমতি দেয়।
এক মাস রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করে সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘এ অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী ও ফ্যাসিস্ট সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বিক্ষোভ করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।’
সমাবেশে সিপিবির নেতা সাজ্জাদ জহির, আহসান হাবিব, বাসদের বজলুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।