নিষেধাজ্ঞা অমান্য, ফের বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের সরকারি ১ নম্বর কলোনির জমি থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু তোলা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের যোগসাজশে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আলাদীপুর মৌজায় ২১৭ একর সরকারি ত্রাণের জমি (১৯৪৭ সালে দেশ ভাগের পর ভারত থেকে আসা মুসলমানদের বরাদ্দ দেওয়া জমি) রয়েছে। এর মধ্যে কলোনির বাসিন্দা আবদুল খালেক মোল্লার দখলে ৫০ শতাংশ জমি রয়েছে। এসব জমিতে প্রশাসনের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ এবং বালু ও মাটি তোলা নিষিদ্ধ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারেও পরিবেশের ক্ষতি করে বালু তোলার সুযোগ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহে আবদুল খালেক নিজের দখলে থাকা জমিতে বড় গর্ত করে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে বালু তোলা শুরু করেন। পরে ১৬ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর বালু তোলা বন্ধ থাকে। কিন্তু সপ্তাহ খানেক পর ক্ষমতাসীন দলের নেতাদের মদদে আবারও বালু তোলা শুরু হয়। এতে করে আশপাশের বসতবাড়ি এবং ফসলি জমিতে ফাটল দেখা দেয়।

কলোনির বাসিন্দা দিনমজুর মুরাদ মিয়া বলেন, ‘বালু তোলায় বাধা দেওয়ায় খালেকের লোকজন আমাদের ওপর চড়াও হন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করি। তিনি (ইউএনও) সরেজমিনে এসে বালু তোলা বন্ধের নির্দেশ দেন এবং জরিমানা করেন। এরপর কয়েক দিন বালু তোলা বন্ধ থাকে। এ সময় শহর থেকে কিছু লোকজন এসে আমাদের খোঁজখবর নেয় এবং আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এরপর আবার বালু তোলা শুরু হয়।’

কলোনির আরেক বাসিন্দা ভ্যানচালক শুকুর আলী খান বলেন, ‘এভাবে বালু তোলা চলতে থাকলে আমাদের বসতবাড়ি ভেঙে যাবে। আমরা দরিদ্র মানুষ। সারা দিনের রোজগার দিয়ে সংসার চালাই। অন্য কোথাও গিয়ে জমি কিনে বাড়ি করার মতো সামর্থ্য আমাদের নেই।’

এ বিষয়ে আবদুল খালেক মোল্লার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান জানেন।’ শওকত হাসান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের জরিমানার খবর জানি। এরপর আর কী হয়েছে, তা জানি না।’

 ইউএনও এস এম খুরশিদ উল আলম বলেন, সদর উপজেলার জমিজমাসংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব ভূমি কর্মকর্তার। বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্তকে ৫০ হাজার টাকা করা হয়। এ ছাড়া পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর আবারও বালু তোলার বিষয়টি তিনি জানেন না। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।