বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে ক্যাম্পাসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল-সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান। ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। এর আগে বিশ্ববিদ্যালয় শাখার কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় নেতা-কর্মীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। এ ছাড়া নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় গোলচত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বাইরে ১ নম্বর গেটে মিছিল করেছে বলে শুনেছি। তাঁরা ক্যাম্পাসে মিছিল করেনি।’