নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার ৬৩ জেলের দণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ৪৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন। ইলিশ ধরার নিষেধাজ্ঞার তৃতীয় দিনে এ জেলায় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা তিন লাখ ৮২ হাজার মিটার জাল, তিনটি মাছ ধরার নৌকা ও আট মণ ইলিশ জব্দ করেছে। একই অপরাধে তিন দিনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ১৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।ভোলা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার ১১ দিন (২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত) মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার জলসীমায় সব ধরনের জাল ফেলে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় মাছ ধরা, বাজারজাত, মজুদ ও বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, কোস্টগার্ডের সদস্যরা গতকাল বিভিন্ন নদী থেকে দুই লাখ ৬৩ হাজার মিটার জাল জব্দ করেছেন। চরফ্যাশন নয়, দৌলতখান পাঁচ, বোরহানউদ্দিন সাত, মনপুরা তিন ও সদর উপজেলার ২২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তজুমদ্দিন, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, মনপুরা, দৌলতখান ও সদর উপজেলা থেকে এক লাখ ১৯ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।লক্ষ্মীপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল আমিন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিম উদ্দিন ও লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোক্তাদির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কমলনগর উপজেলায় ১৪ ও রামগতি উপজেলায় তিন জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার কালিরচর এলাকার মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে ছয় মাসের এবং মো. সেকান্দরকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।