সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাসে মিছিল করে তারা প্রতিবাদ সভায় মিলিত হয়। সভা থেকে ২২ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক দিনের আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারে কর্তৃপক্ষকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মীসহ নয়জন শিক্ষার্থী অকৃতকার্য হন। পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে না পেরে ওই শিক্ষার্থীদের নেতৃত্বে একদল শিক্ষার্থী ওই রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ জানুয়ারি ৩৬ শিক্ষার্থীকে আসামি করে থানায় মামলা দায়েরের পাশাপাশি ২৩ জানুয়ারি ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ও ক্যাম্পাসের বাইরে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিল। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসব প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের নেতারা। গতকাল ক্যাম্পাসে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও প্রতিবাদ সভা করে ছাত্রলীগ প্রকাশ্যে চলে এল।বিক্ষোভ শেষে আফরাদুল ইসলাম জানান, প্রতিবাদ সভা থেকে ২২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারে এক দিন সময় দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারে বাধ্য করা হবে।এদিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ধর্মঘট সত্ত্বেও গতকাল কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচ ও ফিশারি প্রথম ব্যাচের ক্লাস এবং ১২তম ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পদত্যাগ দাবি প্রসঙ্গে প্রক্টর আনোয়ার হোসেন বলেন, ‘সম্পূর্ণ অন্যায় আবদার নিয়ে ছাত্রলীগ তৎপরতা চালিয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবির সঙ্গে আমার পদত্যাগ চাওয়ার বিষয়টি আমি অনৈতিক বলে মনে করি।’