নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে শিবিরের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের এক নেতার ওপর হামলার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। এদিকে, দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার নেতৃত্বে কর্মীরা ক্যাম্পাসে মহড়া দেন।
গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার, পোস্টারিং, প্রচারপত্র প্রচার ও বিতরণ নিষিদ্ধ করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহরিয়ারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সকাল নয়টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ আসার আগেই সেখান থেকে সটকে পড়েন শিবিরের নেতা-কর্মীরা। তবে পুলিশ বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট থেকে শিবিরের কর্মী সন্দেহে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীকে আটক করে। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।

দীর্ঘদিন পর ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য মিছিল দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গণতান্ত্রিক উপায়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছি। বুধবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবারে ক্যাম্পাসে ধর্মঘট পালন করা হবে।’

এদিকে দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন, তন্ময়ানন্দ অভি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দেন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেন।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শিবিরের কর্মীরা ক্যাম্পাসে ঝটিকা মিছিল বের করেছে—এমন সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। চারুকলা এলাকা থেকে শিবির সন্দেহে মেহেদী হাসান নামের একজনকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে হামলায় আহত হন শিবিরের নেতা রাসেল আলম। তাঁর এক পা থেকে গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা।