নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘ছাত্ররাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি পক্ষ গত সোমবার পৃথকভাবে মিছিল করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তারা ওই মিছিল করে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিছিলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে লোকপ্রশাসন বিভাগের ছাত্র মাহমুদুর রহমান ওরফে মাসুম এবং অর্থনীতি বিভাগের ছাত্র আল আমিনের নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ মিছিল বের করে। আর মার্কেটিং বিভাগের ছাত্র মইনুদ্দিন সফিকুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র এমদাদুল বারীর নেতৃত্বে ছাত্রলীগের আরেকটি পক্ষ ক্যাম্পাসে মিছিল করে।ছাত্রলীগের একটি পক্ষের সাধারণ সম্পাদক দাবিদার আল আমিন বলেন, ‘এমনিতে নবীনদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে মিছিল করা হয়েছে। সবাই এক হয়ে দীর্ঘদিন পর মিছিল করলাম। নিষেধাজ্ঞা রয়েছে সেটি আমরা জানি।’ছাত্রলীগের আরেক পক্ষের সভাপতি দাবিদার মইনুদ্দিন সফিক বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসের বাইরে প্রধান ফটকের সামনে মিছিল করেছি।’এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান ক্ষুব্ধ হয়ে এ প্রতিবেদককে বলেন, ‘টেলিফোনে এসব বিষয়ে কথা বলা যাবে না। ইনফরমেশন অফিসারের (তথ্য কর্মকর্তা) কাছ থেকে জেনে নিন।’বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘ছাত্রলীগের উভয় পক্ষের মিছিল চলাকালে আমরা নবীন শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবনের নিচতলায় পরিচিতিমূলক ক্লাস করছিলাম।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মো. আবু জাফর বলেন, ‘গত বছরের ডিসেম্বরে ছয় মাসের জন্য ক্যাম্পাসে সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষ মিছিল বের করার পর আমরা তাদের মিছিল না করার জন্য বারণ করি। এরপর তারা আর মিছিল করেনি।’