লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট ঘাট ও ভোলার ইলিশাঘাট দিয়ে ঝুঁকি নিয়ে মাছ ধরার ছোট ছোট ট্রলারে করে মেঘনা পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। অথচ ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই নৌপথে ছোট আকারের নৌযান চলাচল নিষিদ্ধ। স্থানীয় ব্যক্তিরা বলছেন, পর্যাপ্ত সি-ট্রাক ও ফেরি না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলায় মেঘনা নদীকে ‘ডেঞ্জার জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। কারণ এ সময় নদী অশান্ত থাকে। এ সময় এই নৌপথে ছোট আকারের নৌযান চলাচল নিষিদ্ধ।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, লক্ষ্মীপুর-ভোলা নৌপথে আইন অমান্য করে ছোট আকারের ট্রলারে যাত্রী বহন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এসব নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
গতকাল শুক্রবার মজু চৌধুরীর হাট ঘাটে গিয়ে দেখা যায়, শত শত মানুষ কাঠের তৈরি মাছ ধরার ছোট ট্রলার ও মাঝারি আকৃতির ট্রলারে করে ভোলার ইলিশাঘাট থেকে মজু চৌধুরীর হাটে এসে নামছে।
ভোলা থেকে ছেড়ে আসা ট্রলারের যাত্রী রুহুল আমিন বলেন, তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটি শেষে চট্টগ্রামে ফিরে যাচ্ছেন। ফেরি ও সি-ট্রাক না পেয়ে তিনি ট্রলারে করে মেঘনা পাড়ি দিয়েছেন।
ভোলার চর ফ্যাশনের ঝুমুর বেগম ও পটুয়াখালীর বাউফলের বাসিন্দা আলী উল্যাহ জানান, জনপ্রতি ১৫০ টাকা দিয়ে তাঁরা মেঘনা পার হয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে মজু চৌধুরীর হাট ঘাটে ভেড়ে মায়ের আদর নামের একটি ট্রলার। ভোলার ইলিশাঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে এসেছে ট্রলারটি। ট্রলারের চালক মো. সজীব মাঝি জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোলার ইলিশাঘাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হন।
ইলিশাঘাট থেকে ছেড়ে আসা মদিনা এতিমখানা ট্রলারের মাঝি আবদুল করিম জানান, পর্যাপ্ত সি-ট্রাক ও ফেরি না থাকায় তাঁরা ঝুঁকি নিয়ে নদী পথে যাত্রীদের পারাপার করছেন।
বেলা একটার দিকে ছোট একটি মাছ ধরার ট্রলারে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশাঘাটের দিকে যাত্রা করেন ১৮ বছর বয়সী মো. মহসিন মাঝি। তিনি জানান, তাঁর ট্রলারে লাইফ জ্যাকেট নেই। মহসিন জানান, এই ট্রলার দিয়ে মেঘনায় মাছ ধরা হতো। তবে গত দুই মাস ধরে ভোলা-লক্ষ্মীপুরে যাত্রী আনা-নেওয়া করা হচ্ছে।
সি-ট্রাক খিজির-৫-এর চালক মো. রেজাউল করিম বলেন, অবৈধভাবে কিছু প্রভাবশালী ব্যক্তি ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ট্রলারে করে মানুষ পারাপার করছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। বৈরী আবহাওয়ার মুখে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।