নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণ!
মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের সরোয়ার হাওলাদারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজন জানান, কমলাপুর গ্রামের নাসির হাওলাদারের সঙ্গে প্রতিবেশী সরোয়ার হাওলাদারের ৭ নম্বর পশ্চিম কমলাপুর মৌজার ৪৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জানুয়ারি মাসে সরোয়ার হাওলাদার বিরোধপূর্ণ জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন। গত ১২ জানুয়ারি নাসিরউদ্দিন হাওলাদার জেলা জজ আদালতে আবেদন করলে ভূমি নিয়ে চলা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই নির্দেশ উপেক্ষা করে সরোয়ার হোসেন পুনরায় জুলাই মাসে কাজ শুরু করেন। নাসির হাওলাদার বলেন, ‘আমি ওসির কাছে ভবন নির্মাণ বন্ধ রাখার কথা বারবার বললেও তিনি কোনো পদক্ষেপ নেননি।’সরোয়ার হাওলাদার বলেন, ‘আদালতের রায় নিয়ে আমি ভবন নির্মাণ করছি। গত সোমবার পুলিশ আমাদের কাজ করতে নিষেধ করে গেছে। নির্মাণসামগ্রী নষ্ট হতে পারে ভেবে আমরা কাজ বন্ধ রাখি নাই। তবে ওসির সঙ্গে কথা বলেই আমি কাজ করছি।’কালকিনি থানার ওসি শাহীন মণ্ডল বলেন, একবার আদালত বাতিল করে আবার নির্মাণকাজ করার অনুমতি দিয়েছেন। তবে এখন কাজ বন্ধ আছে।জেলা পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, কেউ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।