নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বড় ইন্দারা মোড়ে মুনসুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নকশাবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।এ ব্যাপারে মুনসুর রহমানের বিরুদ্ধে তাঁর প্রতিবেশী এ কে রেজাউন নবী গত বছরের ৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে মুনসুর রহমান অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ করবেন না মর্মে গত বছরের ১৩ ফেব্রুয়ারি আদালতে স্বীকারোক্তি দেন। আদালতে তাঁর দেওয়া ওই স্বীকারোক্তি বাদীর পক্ষে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি বলে গণ্য হয়। এরপর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুনসুর রহমান আবারও নির্মাণকাজ শুরু করেন। গত ২২ এপ্রিল তাঁর বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে আদালত অবমাননার মামলা করেন রেজাউন নবী। মামলাটি বর্তমানে বিচারাধীন।রেজাউন নবী অভিযোগ করেন, মুনসুর রহমান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌরসভা অনুমোদিত নকশার বাইরে অবৈধভাবে জমি দখল করে ছয়তলা ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন। নকশাবহির্ভূতভাবে নির্মাণকাজ অব্যাহত রাখার কথা নিশ্চিত করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। মুনসুর রহমান বলেন, ‘আমি পৌরসভা অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করছি। আমাকে হয়রানি করার জন্য শত্রুতাবশত রেজাউন নবী আদালতে মামলা করেছেন।’