নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ চলছে সেন্ট মার্টিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে হোটেল-মোটেল-কটেজসহ নানা অবকাঠামো তৈরি করা হচ্ছে।
সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতে প্রয়াত কথাসাহিত্যিক হুেমায়ূন আহমেদ আশির দশকে তৈরি করেছিলেন বাংলোবাড়ি ‘সমুদ্র বিলাস’। সে সময় দ্বীপে হোটেল ছিল মাত্র দুটি। নব্বইয়ের দশকে পর্যটকের আগমন বেড়ে গেলে হোটেল-মোটেল তৈরির হিড়িক পড়ে। সূত্র জানায়, একটি ছাড়া সেন্ট মার্টিনের অন্য কোনো হোটেল-মোটেলের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
গত ২৭ ও ২৮ জানুয়ারি সেন্ট মার্টিন ঘুরে দেখা যায়, দ্বীপের উত্তর অংশের এক বর্গকিলোমিটার এলাকার মধ্যে গড়ে উঠেছে ৮০টির বেশি হোটেল-মোটেল। দ্বীপের উত্তর-দক্ষিণ, পশ্চিম-পূর্ব অংশে তৈরি করা হচ্ছে আরও অনেক বহুতল ভবন।
সরেজমিনে দেখা যায়, দ্বীপের ডেইল পাড়ায় রাস্তার পাশে তৈরি হচ্ছে একটি বহুতল ভবন। ১৩ জন শ্রমিক ভবনটির তৃতীয় তলার কাজ করছেন। ভবনের ভূগর্ভস্থ অংশে তৈরি করা হয়েছে চারটি কক্ষ ও সুইমিংপুল।
নির্মাণশ্রমিক মো. ইসলাম বলেন, এক মাস ধরে তাঁরা নির্মাণকাজ করছেন। এ পর্যন্ত কেউ বাধা দিতে আসেনি। তিনি জানান, স্থানীয় পাথর দিয়ে চলছে ছাদ ঢালাইয়ের কাজ।
ভবনের (হোটেল) নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী রুহুল আমিন বলেন, এক বছরের বেশি সময় ধরে এই হোটেলের নির্মাণকাজ চলছে। মাঝে কিছু সময় নির্মাণকাজ বন্ধ ছিল। এখন পুরোদমে কাজ চলছে। ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২ কোটি টাকা।
প্রতিবেশ সংকটাপন্ন দ্বীপে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, এসব বিষয়ে তিনি কথা বলবেন না।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম কোনারপাড়া সৈকতের সঙ্গে লাগোয়া জমিতে তৈরি হয়েছে একটি রিসোর্ট। সেখানেও তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। নির্মাণশ্রমিক মো. রফিক বলেন, দোতলা পর্যন্ত কাজ শেষ করে ইতিমধ্যে ব্যবসা শুরু করে দেওয়া হয়েছে। এখন চলছে তৃতীয় তলার কাজ।
রিসোর্টের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, তিনি ব্যবসা পরিচালনার পাশাপাশি নির্মাণকাজ দেখাশোনা করছেন। তিনি বলেন, নির্মাণকাজে কেউ তাঁদের বাধা দেয়নি।
রিসোর্টটির পাশে নির্মাণকাজ চলছে একটি কটেজের। কটেজের মালিক আবুল কাশেম বলেন, ‘সেন্ট মার্টিনে এ পর্যন্ত ৮০টির মতো বহুতল ভবন হয়েছে। এ পর্যন্ত কেউ বাধা দেয়নি। আমরাও জমি কিনে কটেজ বানাচ্ছি। অবৈধ হলে সকল হোটেল-মোটেল ভাঙতে হবে।’
সরেজমিনে দেখা গেছে, দ্বীপে ২০টির বেশি অবৈধ স্থাপনা তৈরির কাজ চলছে। স্থানীয় সূত্রমতে, গত পাঁচ বছরে ৫৬টির মতো বহুতল হোটেল তৈরি হয়েছে।
সূত্র জানায়, সেন্ট মার্টিনে ইট-বালু-সিমেন্ট পরিবহন নিষিদ্ধ। এ কারণে দ্বীপের তিন দিকে ছড়িয়ে থাকা প্রাকৃতিক পাথর ব্যবহৃত হচ্ছে অবকাঠামো তৈরিতে।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে হোটেল-মোটেল আছে ৮৭টি। রেস্তোরাঁ আছে ৩০টি। এর মধ্যে ১১টি হোটেল স্থানীয় ব্যক্তিদের। বাকিগুলো বাইরের লোকজনের। এসব হোটেলের কর্মকর্তা-কর্মচারীরাও বাইরের। তিনি বলেন, প্রভাবশালী ব্যক্তিরা সেন্ট মার্টিনে জমিজমা কিনে হোটেল-মোটেল তৈরি করছেন। বাধা দিয়েও হোটেল-মোটেল নির্মাণকাজ বন্ধ করা যাচ্ছে না।
ইউপি চেয়ারম্যান বলেন, সেন্ট মার্টিনে ইট-সিমেন্ট-রডসহ নির্মাণসামগ্রী আনতে উপজেলা প্রশাসনের অনুমতি লাগে। এ কারণে স্থানীয় লোকজন ঘর তৈরি করতে পারেন না। অথচ প্রভাবশালী ব্যক্তিরা নানা কৌশলে ইট-সিমেন্ট নিয়ে আসছেন।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সেন্ট মার্টিনে সব ধরনের অবকাঠামো নির্মাণ, মাটির পরিবর্তন ও পাথর আহরণ নিষিদ্ধ। অথচ আইন লঙ্ঘন করে সেখানে অসংখ্য হোটেল-মোটেল তৈরি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি হোটেলমালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু অবকাঠামো নির্মাণ বন্ধ করা যাচ্ছে না। লোকবল সংকটের কারণে সেন্ট মার্টিনে নজরদারি রাখা সম্ভব হচ্ছে না।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান বলেন, শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় পৃথক নীতিমালা প্রণয়ন দরকার।