আদালত ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিষেধাজ্ঞা সত্ত্বেও নগরের বহদ্দারহাটে নালার ওপর বিপণিবিতানের নির্মাণকাজ অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ ক্ষেত্রে সংস্থাটি স্থানীয় সাংসদ, এলাকাবাসী ও ব্যবসায়ীদের আপত্তিকে পাত্তা দিচ্ছে না।
অবশ্য সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম গতকাল মঙ্গলবার প্রথম আলোর কাছে দাবি করেছেন, আদালতের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গত সোমবার থেকে বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে গতকাল সরেজমিনে দেখা গেছে, বিপণিবিতানের নির্মাণকাজ চলছে।
এ বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখতে আদালতের নিষেধাজ্ঞার কথা জানিয়ে করপোরেশনের মেয়র ও প্রধান প্রকৌশলীকে ২০ জুলাই চিঠি দিয়েছেন আইনজীবী মনজিল মোরশেদ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের করা রিট ১০ জুলাই খারিজ করে দেন আদালত। তবে ২০ জুলাই চেম্বার জজের কাছে আবেদন করলে বিচারক মৌখিকভাবে নির্মাণকাজে নিষেধাজ্ঞা প্রদান করেন।
গতকাল সরেজমিনে দেখা গেছে, কয়েকজন শ্রমিক বিপণিবিতানের দোকান তৈরির কাজ করছেন। কেউ দোকানের দেয়াল তৈরিতে, আবার কেউ দোকানের ছাদ তৈরির কাজে ব্যস্ত আছেন। মোহাম্মদ সবুজ নামের এক শ্রমিক জানান, গত সাত-আট দিন ধরে বিপণিবিতানের নির্মাণকাজ চলছে। এতে প্রায় ৩০ জন শ্রমিক নিয়োজিত আছেন। অন্যরা কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘উনারা নাশতা করতে গেছেন।’
গতকাল যোগাযোগ করা হলে মেয়র মনজুর আলম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার কপি পাওয়ার পর আমরা বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’ শ্রমিকদের কর্মরত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওখানে নালা প্রশস্তকরণের কাজ চলছে। হয়তো তাঁরা এর কাজ করছেন।’
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘নালার ওপর বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখতে গত ৬ ফেব্রুয়ারি সিডিএ নিষেধাজ্ঞা আরোপ করে। যা এখনো বলবৎ রয়েছে। কিন্তু এখন কিসের ভিত্তিতে আবার নির্মাণকাজ শুরু করেছে তা আমাদের জানা নেই।’
সিটি করপোরেশন সূত্র জানায়, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) আওতায় এই এলাকার নালা প্রশস্ত করা হচ্ছে। নালার ওপর গত বছরের মে মাসে ‘বহদ্দারহাট সিটি করপোরেশন শপিং কমপ্লেক্স’-এর নির্মাণকাজ শুরু হয়। এ বিপণিবিতানে ক্ষতিগ্রস্তদের ৩৬টি দোকান বরাদ্দ দেওয়া হয়।
বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেটের স্বত্বাধিকারী জগন্নাথ বৈষ্ণব বলেন, সিটি করপোরেশনের অনুমোদনহীন অবৈধভাবে নালার ওপর বিপণিবিতান নির্মাণ করছে। এলাকার জলাবদ্ধতা ও যানজট নিরসনের জন্য হলেও এর নির্মাণকাজ বন্ধ রাখতে হবে। করপোরেশন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা মানছে না বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বিপণিবিতানগুলোর ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বিপণিবিতানটির নির্মাণকাজ বন্ধ করতে করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। নির্মাণকাজ বন্ধ রাখার জন্য গত ২৭ জানুয়ারি হাইকোর্টে রিট করেন ব্যবসায়ীরা। হাইকোর্ট তখন এর নির্মাণকাজ বন্ধ রাখতে আদেশ দেন। কিন্তু তার পরও নির্মাণকাজ অব্যাহত রাখে করপোরেশন। পরে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে নির্মাণকাজ বন্ধ রেখেছিল করপোরেশন।