নিষেধাজ্ঞা উপেক্ষা, ভোলার ৯৩ পথে চলছে ছোট নৌযান
ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদী এবং সাগর মোহনার ৯৩টি পথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে যাত্রীবাহী নৌকা ও লঞ্চ। ‘মৌসুিম বিপজ্জনক অশান্ত নৌপথ’ বিবেচনায় ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর এই সাত মাস এসব পথে ছোট ছোট নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নৌ-নিরাপত্তা বিভাগ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার প্রশাসন ও বিআইডব্লিউটিএ অনেকটাই উদাসীন বলে অভিযোগ রয়েছে৷ তবে বে-ক্রসিং (সমুদ্রে চলাচল) সনদ নিয়ে যেকোনো যাত্রীবাহী নৌযান চলতে পারবে৷
ভোলা নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিবহন পরিদর্শক নাসিম আহমেদ বলেন, ‘আমরা মৌসুম (১৫ মার্চ-১৫ অক্টোবর) শুরু হওয়ার আগে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে চিঠি দিচ্ছি; কিন্তু প্রশাসন এটি কার্যকর করা তো দূরের কথা, উল্টো প্রতিবছর এসব পথে ছোট ছোট নৌকার মাঝিদের ইজারার মাধ্যমে যাত্রী পারাপারের অনুমতি দিচ্ছে৷ তাঁদের নৌযানের বে-ক্রসিং সনদ আছে কি না, তা যাচাই করছেন না৷ এসব ঘটনায় আমরা ২৫৫টি মামলা করেছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো .আবুল বাশার মজুমদার গত ৪ মার্চ ভোলা জেলা প্রশাসককে একটি চিঠি পাঠান৷ এতে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কালবৈশাখীর ঝুঁকি থাকার কারণে ভোলার মেঘনা, ইলিশা, তেঁতুলিয়ার বিভিন্ন নৌপথকে ‘মৌসুিম বিপজ্জনক অশান্ত’ হিসেবে চিহ্নিত করে যাত্রীবাহী ছোট নৌযান চলাচলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ তবে বে-ক্রসিং (সমুদ্রে চলাচল) সনদ নিয়ে যেকোনো যাত্রীবাহী নৌযান চলতে পারবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়৷
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও বিআইডব্লিউটিএর দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা জানান, ভোলার ৭০টি নৌপথে ইঞ্জিনচালিত ছোট নৌকা ও ২৩টি লঞ্চঘাট থেকে লঞ্চ এবং ইঞ্জিনচালিত কয়েক শ নৌকা চলছে, যেগুলোর কোনো বে-ক্রসিং সনদ নেই৷ ফলে প্রায়ই যাত্রীবাহী নৌযানগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে৷
জানা গেছে, মনপুরার ১৪টি, তজুমদ্দিনের ১০টি, সদর উপজেলার ২২টি, লালমোহনের ১১টি, চরফ্যাশনের ২০টি, দৌলতখানের আটটি ও বোরহানউদ্দিন উপজেলার নয়টিসহ ৭০টি নৌপথে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপার হচ্ছে। আর ত্রুটিপূর্ণ লঞ্চ চলছে ২৩টি পথে। সম্প্রতি সরেজমিনে এর মধ্যে বেশ কয়েকটি পথ ঘুরে ইঞ্জিনচালিত ছোট নৌকা চলাচল করতে দেখা গেছে৷
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান বলেন, ‘সরকারের একটি বিভাগ আইন করেছে, বে-ক্রসিং সদন ছাড়া এসব নৌপথে যাত্রীবাহী নৌযান চলতে পারবে না; আবার সরকারের আরেকটি বিভাগ সমানে ছোট ছোট নৌকার মাঝিদের যাত্রী পারাপারের জন্য ইজারা দিচ্ছে; মানুষের জীবন নিয়ে এর থেকে বড় তামাশা আর হতে পারে না।’
ভোলার নিরাপদ নৌপথ বাস্তবায়ন কমিটির সভাপতি আ ন ম শাহজামাল দুলাল বলেন, ‘ভোলার প্রতিটি লঞ্চঘাট ও খেয়াঘাট থেকে ভাঙাচোরা, ত্রুটিযুক্ত ছোট লঞ্চ ও নৌকায় যাত্রীরা ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা এবং সাগর পাড়ি দিচ্ছেন। এসব নৌযানের ফিটনেস কিংবা বে-ক্রসিং সনদ নেই। আমরা চাই প্রতিটি নৌযানের বে-ক্রসিং সনদ নিশ্চিত করা হোক।’ বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বে-ক্রসিং সনদ ছাড়া কোনো নৌযান চালানোর অনুমতি দিইনি। অনুমতি দিচ্ছে বিভাগীয় ও জেলা প্রশাসন। এ নিয়ে আন্তমন্ত্রণালয়ে অনেক চিঠি চালাচালি হয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা আইন না মানলে কী করতে পারি?’
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘ভোলার সব নৌপথ নিরাপদ রাখার জন্য সব জেলা-উপজেলার কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেছি, মাইকিং করে বলে দেওয়া হয়েছে, অস্থির সময়ে ছোট নৌকায় যাত্রী বহন করবেন না৷ কর্মকর্তাদের বলেছি সনদধারী ছাড়া কেউ যেন যাত্রী বহন না করে।’