নিষেধাজ্ঞা কার্যকর ছিল না অনেক স্থানেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ হওয়ার প্রথম দিন ছিল গতকাল শনিবার। তবে গতকালও বিভিন্ন মহাসড়কে এসব যান চলতে দেখা গেছে।
এসব যান চলাচল বন্ধের প্রতিবাদে চার জেলায় মহাসড়কে অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চালক-মালিকেরা। সিলেটে আজ রোববার থেকে সড়ক-মহাসড়কে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও চট্টগ্রামে ১৩ আগস্ট পরিবহন (তিন চাকার গাড়ি) ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এদিকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করতে গাজীপুর ও সিরাজগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪০ যান জব্দ, ২৯ হাজার ৬০ টাকা জরিমানা ও ৫২টি মামলা করেন।
গত ২৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সড়কে নিরাপত্তা বিধানে আগামী ১ আগস্ট থেকে সারা দেশের জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’ দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: মহাসড়কে চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশার মালিক-চালকেরা গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিরসরাই, বড় দারোগার হাট, সীতাকুণ্ড বাইপাস সড়ক মোড় ও ফকিরহাট এলাকায় মানববন্ধন করেন। বেলা ১১টার দিকে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস এলাকায় প্রায় ১৫ মিনিট এবং বেলা দুইটায় ফৌজদারহাট লিংক রোড এলাকায় প্রায় ২৫ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অঞ্চলের পিএবি সড়ক, মইজ্জারটেক ও ক্রসিং মোড়ে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকেরা।
চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন ১৩ আগস্ট পরিবহন (তিন চাকার গাড়ি) ধর্মঘটের ডাক দিয়েছে। এ ছাড়া ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, ৯ আগস্ট শহীদ চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে।
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী, আলেখারচর ও ময়নামতি সেনানিবাস এলাকায় অটোরিকশা চলাচল করছে। ময়নামতি সেনানিবাস থেকে চান্দিনা, চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ এবং দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত অটোরিকশা চলেছে।
সুয়াগাজী এলাকায় অটোরিকশাচালক জয়নাল আবেদীন বলেন, ‘এই রুটে ১০ বছর ধরে অটোরিকশা চালাই। এখন হঠাৎ করে আমাদের সরে যেতে বলা হচ্ছে। এ রকম করলে না খেয়ে মরতে হবে।’
ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা বাইপাস এলাকায়ও চালকেরা সড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিকেল তিনটার পর মহাসড়কগুলোতে অবাধেই অটোরিকশা চলাচল করে।
খুলনা: ফুলতলার আফিল জুটমিল গেট থেকে জিরো পয়েন্ট হয়ে রূপসা সেতু পর্যন্ত (বাইপাস) মহাসড়কে সব ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দৌলতপুর-নতুন রাস্তা-রয়েল মোড় হয়ে রূপসা ফেরিঘাট মহাসড়কে এ ধরনের যান চলাচল করছে।
বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর, সাতমাইল, রহমতপুর, গড়িয়ারপাড়, নথুল্লাবাদ ও রূপাতলী এলাকায় তিন চাকার মাহিন্দ্রা, ইজিবাইক ও নছিমন চলাচল করেছে। মহাসড়কের গড়িয়ারপাড় এলাকার ইজিবাইক চালক মো. মিলন বলেন, ‘নিষেধাজ্ঞা আছে জানি। আমরা চালামু কই?’
সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশে সকালের দিকে বন্ধ করে দেওয়া হলেও দুপুরের পর অটোরিকশাসহ লেগুনা ও হিউম্যান হলার চলাচল করে। দুপুর ১২টার থেকে মহাসড়কের শেরপুর থেকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী পর্যন্ত অটোরিকশা চলে। মহাসড়কের সবচেয়ে বড় অংশ সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন সংযোগ সড়ক দিয়ে অটোরিকশা নির্বিঘ্নে মহাসড়কে উঠে চলাচল করে।
এদিকে আজ রোববার থেকে সড়ক-মহাসড়কে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
রংপুর: দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, শহরের মেডিকেল মোড় থেকে সৈয়দপুরের পথে হাজিরহাট পর্যন্ত মাহেন্দ্র আগের মতোই চলেছে। মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে মডার্ন মোড় পর্যন্তও একই চিত্র ছিল। শহরের বাইরে রংপুর-ঢাকা মহাসড়কে বৈরীগঞ্জ, জায়গীরহাট, মিঠাপুকুর, শঠিবাড়ী, বড় দরগা, পীরগঞ্জ এলাকায় অটোরিকশা চলেনি।
সিরাজগঞ্জ: মহাসড়কে অটোরিকশা চালানো, কাগজপত্র না থাকা ও বিভিন্ন অপরাধে ৫২টি মামলা ও ৫৩ জনের কাছ থেকে ১৮ হাজার ২৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলার শাহজাদপুর উপজেলা ৪০টি অটোরিকশা, নছিমন-করিমন জব্দ করা হয়েছে।
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত ১১টি অটোরিকশার চালককে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেন।
বগুড়া: মহাসড়কে অটোরিকশা চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত সাতটি মামলা ও চালকদের কাছ থেকে দুই হাজার তিন শ টাকা জরিমানা আদায় করেন।