নিষেধাজ্ঞা ঠেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়ার পর মোটরসাইকেলগুলো বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে জমা করে ছাত্রলীগ। ছবি: মাহবুব আলম
মহড়ার পর মোটরসাইকেলগুলো বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে জমা করে ছাত্রলীগ। ছবি: মাহবুব আলম

প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন ও তাঁর সমর্থকেরা। মহড়ায় ছিলেন বহিরাগতরাও। 
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তুহিনের নেতৃত্বে মহড়া হয়। পরে প্রক্টরের হস্তক্ষেপে বহিরাগতরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন।
৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি বৈঠকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার, পোস্টারিং, প্রচারপত্র প্রচার ও বিতরণ নিষিদ্ধ করা হয়। এর আগে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ২০০৯ সালের ১১ মে সিন্ডিকেটের এক সভায় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে মহড়া বের হয়। তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালান। তীব্র শব্দে হর্ন বাজিয়ে মহড়া দেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থান নেন। এ সময় প্রশাসনিক ভবনগুলোতে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা চলছিল। পরে দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান টুকিটাকি চত্বরে গিয়ে বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। এ সময় তাঁরা একে একে ক্যাম্পাস ছাড়েন ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন, মহড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আর বাকি প্রায় ৫০-৬০ জন ক্যাম্পাসের আশেপাশের এলাকার বহিরাগত।

ছাত্রলীগের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন,‘ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করেছে, এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে তাদের চলে যেতে নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।’

ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ছাত্রলীগের নেতা তৌহিদ। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেছেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না। যত দূর শুনেছি কিছু বহিরাগত একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাস প্রবেশ করেছিল। সেখানে ছাত্রলীগের কেউ ছিল  না।’

গত বছরের জুলাই মাস থেকে ক্যাম্পাসে বহিরাগত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল ঠেকাতে যানবাহনে প্রশাসন প্রদত্ত স্টিকার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতার ওই মহড়ায় অংশ নেওয়া বেশির ভাগ মোটরসাইকেলেই সেই স্টিকার ছিল না।

২০১২ সালের ২ অক্টোবর ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে আলোচনায় এসেছিলেন ছাত্রলীগের তত্কালীন সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল হোসেন।