ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ১১ দিনের নিষেধাজ্ঞা আরোপ করলেও বরগুনাসহ দক্ষিণ উপকূলের নদ-নদীতে রাতে চলছে ইলিশ নিধন। এ ছাড়া গভীর বঙ্গোপসাগরে কয়েক শ ট্রলার ইলিশ শিকার করছে বলে অভিযোগ রয়েছে।
ফেরিওয়ালারা এসব ইলিশ জেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছেন। এ ছাড়া গভীর রাতে ট্রাকে করে বরগুনা ও বরিশালে মৎস্য ব্যবসায়ীদের কাছে ইলিশ পাচার হচ্ছে।
স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা শুরুর আগেই বরগুনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলার কয়েক শ ট্রলার বরফ নিয়ে সাগরে উদ্দেশে রওনা করেছে। গত সোমবার ভোরে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে মাছ ধরার ১০০ থেকে ১৫০টি ট্রলার সাগরের উদ্দেশে রওনা হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফকিরহাটের এক মৎস্য ব্যবসায়ী অভিযোগ করেন, ফকিরহাটের কোস্টগার্ড ক্যাম্প ও বন বিভাগের কার্যালয়ের সামনের খালে অবস্থানরত প্রায় ১৫০ ট্রলার বরফ নিয়ে সোমবার খুব ভোরে সাগরের উদ্দেশে ছেড়ে যায়। এলাকার একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও এক মৎস্য ব্যবসায়ী অভিযানের দায়িত্ব পাওয়া মৎস্য বিভাগের মাঠ কর্মকর্তা ইব্রাহিম খলিলের সঙ্গে দফারফার পর এসব ট্রলার ছেড়ে যায়। তবে ইব্রাহিম খলিল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমিও শুনেছি ১০০ থেকে ১৫০টি ট্রলার সোমবার ভোরে ছেড়ে গেছে। তখন আমি কোস্টগার্ডের সঙ্গে নদীতে অভিযানে ছিলাম।’
কোস্টগার্ডের ফকিরহাটের কনটিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।’
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বরগুনা শহরের ক্রোক সেতু এলাকায় গিয়ে দেখা যায়, মাছবোঝাই তিনটি ট্রাক বরগুনা শহরের দিকে যাচ্ছে। এ সময় একটি ট্রাকে অবস্থানরত মাছ ব্যবসায়ী আবদুল হামিদ জানান, ট্রাকটিতে পোয়া ও অন্যান্য মাছ রয়েছে। কিন্তু এত রাতে মাছ নিয়ে আসার কারণ ও বরফকল বন্ধ থাকলেও বরফ পেয়েছেন কোথায়—জানতে চাইলে তিনি নীরব থাকেন।
বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন এ সময় মুঠোফোনে বলেন, ‘ওই সব ট্রাকে ইলিশ মাছ নেই। আমাদের লোকেরা পথে তল্লাশি করে দেখেছেন।
বৃহস্পতিবার রাতে বিষখালী নদীর মোহনা নলী, নিশানবাড়িয়া ও লতাকাটা এলাকায় গিয়ে দেখা যায়, জাল দিয়ে মাছ ধরছেন অসংখ্য জেলে। পাথরঘাটার হাজিরখাল, বাদুড়তলা, হরিণঘাটা ও বলেশ্বর নদেও অসংখ্য জেলেকে মাছ ধরতে দেখা গেছে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ ১১ দিন ইলিশ ধরা, মজুত, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করে। এ নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে দুই বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, মৎস্য বিভাগের অভিযান অব্যাহত আছে। গত চার দিনে জেলায় চার লাখ তিন হাজার ৫০০ মিটার জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া ৩০ জনকে সাজা প্রদান এবং ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাতিয়ার শতাধিক ট্রলার সাগরে মাছ ধরছে : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি জানান, হাতিয়ার দক্ষিণে সাগরে হাতিয়ার প্রায় শতাধিক ট্রলার ১৩ অক্টোবর থেকে ইলিশ ধরছে। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন মাছঘাট থেকে ট্রলারগুলো ১০ দিনের বরফ ও জেলেদের খাদ্য মজুত করে বঙ্গোপসাগরে দিকে রওনা হয়েছে। উপজেলার বিভিন্ন মাছঘাট এলাকায় গিয়ে স্থানীয় লোকজন ও জেলেদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জাহাজমারা ঘাটের ৩৭টি, আমতলী ঘাটের পাঁচটি, মোহামঞ্চদ আলীর স্লুইস ঘাটের ১২টি, জঙ্গলীয়া ঘাটের সাতটি, কাদিরার ঘাটের নয়টি, বুড়ির দোনা ঘাটের ১১টি, রহমত বাজার ঘাটের চারটি এবং নিঝুম দ্বীপের প্রায় ২০টি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গেছে। এ ছাড়া কাজীর বাজার ও আছকা বাজার এবং সূর্যমুখী ঘাটের বেশির ভাগ ট্রলার প্রতি রাতেই ইলিশ ধরছে।
জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মো. ময়েদুজ্জামান এবং হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা জরুরিভিত্তিতে বিষয়টি তদন্ত করবেন।