নিষেধাজ্ঞা না মেনে ভাটার সময়ও ঝুঁকি নিয়ে গোসল

ভাটার সময় গোসলে নামতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও অনেক পর্যটক ঝুঁকি নিয়ে সাগরে নামছেন। ট্যুরিস্ট পুলিশ এবং কক্সবাজার সমুদ্রসৈকতের নিরাপত্তাকর্মীরা ভাটার সময় সাগরে না নামতে বাঁশি বাজিয়ে পর্যটকদের সতর্ক করলেও অনেক পর্যটক তা আমলে নেন না।
গতকাল রোববার দুপুরে লাবণী পয়েন্টে সাগরে গোসলে নেমে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ভেসে যাওয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হাসনাতকে উদ্ধার করেন লাইফ গার্ড কর্মী আবদুল শুক্কুর ও কামরুল হাসান।
আবদুল শুক্কুর (২৬) জানান, সাগরে ভাটা চলছিল। টিউব নিয়ে সাগরে গোসল করতে নামেন হাসনাত। স্রোতের টানে নিজেকে সামলাতে পারেননি। দ্রুত তাঁকে উদ্ধার করা সম্ভব না হলে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।
একই পরিস্থিতির শিকার হন জাকির হোসেন নামে ঢাকার মোহাম্মদপুরের আরেক পর্যটক। লাইফ গার্ড কর্মীরা গভীর সাগর থেকে উদ্ধার করে প্রাণে বাঁচান তাঁকে। জাকির হোসেন (২৯) বলেন, তিনি সাঁতার জানতেন না। লাইফগার্ড কর্মীরা তাঁকে প্রাণে বাঁচিয়েছেন।
ঢাকার রাজারবাগ থেকে আসা ব্যবসায়ী কামরুল হাসান জানান, তিনিও টিউব নিয়ে সমুদ্রে নামেন। ঢেউয়ের ধাক্কায় একাধিকবার হাত থেকে টিউব ছিটকে যায় তাঁর। কিন্তু সাঁতার জানা থাকায় টিউব ধরতে সমস্যা হয়নি তাঁর।
টিউব ব্যবসায়ী হুমায়ুন বলেন, সৈকতে এখন সাত শতাধিক টিউব নামানো হয়েছে। টিউব নিয়ে পর্যটকেরা গভীর সাগরের দিকে চলে গেলে বাঁশি বাজিয়ে সতর্ক করা হচ্ছে।
সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে গোসলে নামা পর্যটকদের নজরদারিতে রাখেন ‘সি সেইফ লাইফ গার্ড’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২০ জন উদ্ধারকর্মী। তাঁরা সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুটি পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় কাজ করেন। এর পাশাপাশি ইয়াছির লাইফ গার্ড স্টেশনের চারজন ডুবুরি সৈকতে টহলে থাকেন।
সি সেইফ লাইফ গার্ডের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, ঈদের দিন থেকে সৈকতে লাখো পর্যটকের সমাগম চলছে। কিন্তু জোয়ার-ভাটার হিসাব না করে অনেকে সাগরে নেমে বিপদে পড়ছেন। গতকাল বেলা একটা থেকে দেড়টার মধ্যে পাঁচজন পর্যটককে উদ্ধার করেন তাঁরা। আগের দিন শনিবার উদ্ধার করেন আরও তিনজন পর্যটককে।
কলাতলী থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত প্রায় চার কিলোমিটার সৈকত ঘুরে দেখা যায়, কয়েক শ টিউব নিয়ে গোসল করছেন অসংখ্য পর্যটক। পর্যটকেরা টিউব নিয়ে গভীর সাগরের দিকে গেলে বাজানো হয় বাঁশি। আবার টিউব ভাড়া নিয়ে সাগরে নামার পর নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও বাঁশি বাজিয়ে ফিরে আসতে বলা হয় পর্যটকদের। এ ছাড়া অসংখ্য পর্যটক বাঁশি বাজিয়ে আনন্দে মেতে থাকেন। কিন্তু কোনো পর্যটক বিপদে পড়লে কিংবা পর্যটকদের সতর্ক করে লাইফ গার্ড কর্মী কিংবা ট্যুরিস্ট পুলিশ বাঁশি বাজালে অধিকাংশ পর্যটক বিষয়টি খেয়াল করতে পারেন না। হাজারো বাঁশির আওয়াজে উদ্ধারকর্মীদের বাঁশি কারও কারও কানে পৌঁছায় না।
এ বিষয়ে পর্যটকদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, সৈকতের লাবণী পয়েন্ট ছাড়া অন্য কোনো সৈকতে গোসলে নামা নিষিদ্ধ। তারপরও পর্যটকেরা সৈকতের কলাতলী, সুগন্ধা, শৈবালসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে গোসলে নামছেন। বাধা দিলে নানা ঝামেলায় পড়তে হয়। সৈকতে অতিরিক্ত বাঁশির ব্যবহারে পর্যটকেরা বিভ্রান্ত হচ্ছেন। টিউবে বাঁশি বাজানো বন্ধ করা হচ্ছে।
নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে গোসলে নেমে গত বছর ছয়জনের মৃত্যু হয়। এর আগের ১১ বছরে তাঁরা সৈকত থেকে উদ্ধার করেন ৭২ জনের মৃতদেহ। উদ্ধার করে প্রাণে বাঁচানো হয় আরও ১ হাজার ২০০ জনকে।