চাঁদপুর জেলা কমিটি অনুমোদিত শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ওপর থেকে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গত রোববার সহকারী জেলা জজ আদালত এ সিদ্ধান্ত দেন। এরপরই মামলায় জয়ী উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক প্রতিপক্ষকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
রোববার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক আখতার হোসেন পাটওয়ারী উপজেলা শহরের ঠাকুর বাজার এলাকায় তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি মামলার বাদীপক্ষকে প্রতিহত করার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, গত ২৯ সেপ্টেম্বর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মেয়াদোত্তীর্ণ উপজেলা ও পৌর কমিটি ভেঙে দেন। পরে তাঁকে উপজেলা কমিটির আহ্বায়ক ও শেখ বেলায়েত হোসেনকে পৌর কমিটির আহ্বায়ক করে তা অনুমোদন করেন। কিন্তু উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী আহ্বায়ক কমিটিকে সহযোগিতা না করে তাঁর অনুগত দুই নেতাকে দিয়ে গত ৮ অক্টোবর সহকারী জেলা জজ (শাহরাস্তি) আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করেন। ৯ অক্টোবর আহ্বায়ক কমিটির পরিচিতি সভা বানচাল করার জন্য তিনি প্রশাসনকে দিয়ে শাহরাস্তিতে ১৪৪ ধারা জারি করান।
আখতার হোসেন আরও বলেন, এত সব বাধার পর গত রোববার সহকারী জেলা জজ রোকেয়া আক্তার আহ্বায়ক কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। দেলোয়ার হোসেন মিয়াজি বিএনপির সমর্থনে দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দলের নেতা-কর্মীদের সহযোগিতা না করে বিরোধিতায় নেমেছেন। ভবিষ্যতে তাঁকে ও তাঁর অনুসারীদের কর্মকাণ্ড রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।
জানতে চাইলে দেলোয়ার হোসেন মিয়াজী বলেন, বিএনপির গঠনতন্ত্র ও কেন্দ্রের নির্দেশনা না মেনে চাঁদপুর জেলা কমিটি শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অনুমোদন দিয়েছে। ত্যাগী নেতা-কর্মীরা এ কমিটিকে মেনে নেয়নি।