
রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাহপুর মোড়। গত মঙ্গলবার বেলা ১১টা। ওই পথ দিয়ে অবাধে রাজধানীতে ঢুকছে পণ্যবাহী ট্রাক। বেলা একটা পর্যন্ত অবস্থান করে এই মোড় দিয়ে ১৭টি ইটবোঝাই ট্রাক, ২৬টি পণ্যবাহী পিকআপ ছাড়াও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক ছোট-বড় কাভার্ড ভ্যানকে রাজধানীতে প্রবেশ করতে দেখা যায়।
অথচ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন রাজধানীতে প্রবেশ করতে পারবে না। নগরের যানজট নিরসনে এমন নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার ইয়াসমিন সাইকা জানান, ডিএমপির সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত ঢাকা নগরে পণ্যবাহী কোনো ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে মামলা, রেকারিং, ডাম্পিংয়ের মতো ব্যবস্থা নেওয়া হয়। তবে জরুরি রপ্তানি ও পচনশীল জিনিসের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য অনুমতি দেওয়া হয়।
মঙ্গলবার আবদুল্লাহপুর মোড়ে অবস্থানের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যদের ট্রাকের প্রবেশ ঠেকাতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আবদুল্লাহপুরে কথা হয় ইটবোঝাই দুটি ট্রাকের চালক এবং পণ্যবোঝাই পিকআপের একজন চালকের সঙ্গে। তাঁরা বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি তাঁরা জানেন না।
পিকআপের চালক মো. মিলন বলেন, ‘আমি প্রত্যেক দিন এই সময়ে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে মালামাল নিয়া ঢাকায় আসি। কোনো কোনো দিন আটকায়। তবে বেশির ভাগই আটকায় না।’
দিনে রাজধানীতে প্রবেশের কারণে মামলা হয়েছে কি না, জানতে চাইলে আশুলিয়ার ইটভাটা থেকে ইট নিয়ে দিনে রাজধানীতে প্রবেশ করা ট্রাকের চালক মো. আলম বলেন, ‘ট্রাফিক তো আটকায় টাকা খাওনের লাইগা। মামলা করে তাগো লাভ কি?’
আবদুল্লাহপুরের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, সারা দিন এই মোড় দিয়ে ইটবোঝাই অসংখ্য ট্রাক প্রবেশ করে। মাঝেমধ্যে পুলিশ আটকায়। পরে আবার ছেড়ে দেয়। এভাবে ট্রাক ঢোকার কারণে যানজট লেগে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর) উপপুলিশ কমিশনার প্রবীর কুমার প্রথম আলোকে বলেন, ‘আইনের বরখেলাপ যখনই হয়, তখনই আমরা মামলা, রেকারিং করি। দিনে ট্রাক ঢুকলেও আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’ তিনি আরও বলেন, ‘কিন্তু অনেক সময় দেখা যায় যে পণ্যবাহী যানটি এমনভাবে রাস্তার মাঝে ঢুকে গেছে, সেটিকে রাস্তার পাশে আনা যাচ্ছে না। এভাবে দু-একটি ট্রাক ঢুকে পড়ে।’