নিষেধাজ্ঞা ভেঙে বর্জ্যবাহী জাহাজ কাটা হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে গোপনে বিষাক্ত বর্জ্যবাহী স্ক্র্যাপ জাহাজ এমটি প্রডিউসার কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে জাহাজটির আমদানিকারকের দাবি, পরমাণু শক্তি কমিশনের অনুমতি নিয়ে জাহাজের পানির পাইপ অপসারণ করা হচ্ছে।

জাহাজটি সীতাকুণ্ডের মাদাম বিবিরহাটের জাহাজভাঙা কারখানা জনতা স্টিল করপোরেশনে গত বছরের আগস্টে যুক্তরাজ্য থেকে আনা হয়। তখন পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গঠিত একটি কমিটি জাহাজের কয়েকটি স্থানে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার প্রমাণ পায়। এরপর গত নভেম্বরে জাহাজটি কাটার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে অধিদপ্তর।

গত মঙ্গলবার সরেজমিনে সীতাকুণ্ড উপকূলে গিয়ে দেখা যায়, জনতা স্টিলের ইয়ার্ডের জাহাজটি রয়েছে। ইয়ার্ডের পাশে সমুদ্রপাড়ে দাঁড়িয়ে দেখা যায় জাহাজের ভেতরে কয়েকজন লোক কাজ করছেন। জাহাজের ওপরে একটি ক্রেন রাখা। সাধারণত জাহাজের কাটা অংশ ক্রেন দিয়ে নিচে নামানো হয়।

ইয়ার্ডের কয়েকজন শ্রমিক নাম না প্রকাশের শর্তে বলেন, তাঁরা জাহাজটি কাটার কাজে নিয়োজিত রয়েছেন। জনতা স্টিলের পাশে কবির স্টিলসহ আরও কয়েকটি জাহাজ ভাঙা কারখানা রয়েছে। ওইসব কারখানার শ্রমিকেরাও এম টি প্রডিউসার জাহাজটি কাটা হচ্ছে বলে জানান।

বাংলাদেশ পরিবেশ
 আইনবিদ সমিতি (বেলা) এই জাহাজটির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছে। সংগঠনের প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, গত সোমবার তাদের একজন প্রতিনিধি জাহাজটি কাটার তথ্য পেয়েছেন। জাহাজের ওপরে একটি ক্রেন তোলা হয়েছে, যেটা আগে ছিল না। সরকারি কমিটি ইতিমধ্যে জাহাজের কিছু স্থানে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ থাকার প্রমাণ পেয়েছে। ওই কমিটি বিশেষজ্ঞদের দিয়ে জাহাজটি সম্পূর্ণ পরীক্ষা করার পরামর্শ দিয়েছিল। কিন্তু তা না করে জাহাজটি কাটা হচ্ছে।

বেলার পরিচালক বলেন, বিষাক্ত বর্জ্যবাহী জাহাজটি কেন ভাঙা হবে, এ বিষয়ে গত ১২ জুন হাইকোর্টে তাঁরা একটি রিট করেন। এটি এখন বিচারাধীন রয়েছে।

জাহাজটি বাংলাদেশে আসার পর প্রথমে শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি কমিটি পরিদর্শন করে এতে ক্ষতিকর কিছু নেই বলে প্রতিবেদন দিয়েছিল। তাদের ছাড়পত্র পাওয়ার পর জাহাজটি কাটা শুরু করে ইয়ার্ড কর্তৃপক্ষ। এরপর ৫ নভেম্বর প্রথম আলোয় ‘বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ ভাঙা হচ্ছে সীতাকুণ্ডে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। জাহাজটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মাসুদ করিমকে প্রধান করে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করা হয়। পাশাপাশি জাহাজটি ভাঙার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া পরিবেশ অধিদপ্তর। ওই কমিটি গত ২৭ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, জাহাজের ডেকের তিনটি পাইপের সংযোগস্থলে সর্বোচ্চ দশমিক ৩৩০ গামা রেডিয়েশন ডোজ পাওয়া গেছে। এ ছাড়া আটটি নমুনার ছয়টিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি তেজস্ক্রিয় পাওয়া গেছে।

সর্বশেষ গত মে মাস বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) সমন্বয়ে আরেকটি কমিটি গঠন করে পরিবেশ অধিদপ্তর। এই কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়।

জানতে চাইলে জনতা স্টিলের মালিক মো. আমান উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরমাণু শক্তি কমিশনের অনুমতি নিয়ে জাহাজের পানির পাইপ অপসারণ করা হচ্ছে। সে জন্য জাহাজে লোকজন দেখা যাচ্ছে। জাহাজটি কাটা হচ্ছে না। ক্রেনটি আগে থেকে জাহাজে ছিল বলে তিনি দাবি করেন।

পরীক্ষা-নিরীক্ষার জন্য পাইপগুলো খুলে জাহাজ থেকে নিচে নামানো হয়েছে বলে জানান পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মইনুল ইসলাম। তিনি বলেন, এ ক্ষেত্রে পরিবেশ ও শ্রমিকদের সব ধরনের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুরো জাহাজটি সার্ভে করেছেন তাঁরা।

তবে পাইপ অপসারণের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওই পাইপগুলোর মধে৵ই তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গিয়েছিল।

 নতুন করে জাহাজ কাটার অভিযোগ সম্পর্কে জানতে মুঠোফোনে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মাসুদ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে অধিদপ্তরের পরিদর্শক মো. মাইদুল ইসলাম বলেন, বিএইসি ও বিএইআরএর কমিটির সঙ্গে তিনিও জাহাজটি পরিদর্শন করতে যান। কাটার বিষয়টি তিনি দেখেননি। তবে জাহাজের ওপরে ক্রেন দেখেছেন তিনি।