নিষেধাজ্ঞা সত্ত্বেও অবাধে চলছে জাটকা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা, শরীয়তপুর ও লক্ষ্মীপুরের রায়পুরে জেলেরা জাটকাসহ অন্যান্য মাছ ও পোনা নিধন করছেন। জেলেরা বলছেন, তাঁদের দেওয়া সরকারের পুনর্বাসন-সহায়তা পর্যাপ্ত নয়। অভাবের তাড়নায় বাধ্য হয়ে তাঁরা নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর দৌলতখান উপজেলার মদনপুর থেকে চর পিয়াল পর্যন্ত এবং তেঁতুলিয়া নদীর সদর উপজেলার ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত অংশে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও জেলেরা এসব এলাকায় জাল ফেলে মাছ ধরছেন। ভোলা সদর উপজেলার ভোলা খালের মাথা মৎস্য অবতরণ কেন্দ্র, দৌলতখান উপজেলার মাঝিরহাট, মুন্সিরহাট, পাতারখাল, চৌকিঘাটা, গুপ্তবাজার মৎস্য অবতরণ কেন্দ্র, বোরহানউদ্দিন উপজেলার হাকীম উদ্দিন, তজুমদ্দিনসহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মাছ বিক্রি করছেন। গত বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, ভোলা খালের মাথা মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা বিভিন্ন মাছের পোনাসহ জাটকা বিক্রি করছেন। দৌলতখানের মাঝিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মানসুর, মাকসুদুর রহমান, মো. কালাম, জাহাঙ্গীর বলেন, ‘নদীতে মাছ ধরা নিষিদ্ধ হলেও প্রশাসন অভিযান না চালানোর কারণে জেলেরা মাছ ধরতে পারছে। আর আমরা জেলেদের কাছ থেকে মাছ কিনে নিচ্ছি।’ভোলা সদর উপজেলার শিবপুর বাঁধের বাসিন্দা নুরনবী (৪৩) জাল দিয়ে মেঘনায় মাছ ধরেন। তিনি বলেন, ‘বাইক্যা (বাকি) দোকানতন চাউল-পাত লই, মাছ পাইলে বেচি শোধ দেই।’ ভোলার বিভিন্ন জেলেপাড়ায় এখন সব জেলেরই নুরনবীর মতো অবস্থা। নিয়ম অনুযায়ী একজন জেলের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি মাসে পুনর্বাসন-সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু ভোলায় এ বছর এখনো কোনো জেলে সরকারের কাছ থেকে পুনর্বাসন-সহায়তা পাননি। পুলিশ সুপার এস এন মো. নজরুল ইসলাম ও কোস্টগার্ডের ভোলার অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার সাইদুল ইসলাম বলেন, ‘নদীতে জেলেদের মাছ ধরা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি।’ জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা তোফাজউদ্দিন বলেন, জেলেদের জন্য পুনর্বাসন-সহায়তার বরাদ্দ ইউনিয়নে পৌঁছে গেছে, শিগগিরই তাঁরা তা পেয়ে যাবেন। শরীয়তপুর: শরীয়তপুরে প্রায় দুই হাজার জেলে কারেন্ট জাল দিয়ে পদ্মা ও মেঘনায় জাটকা ধরা অব্যাহত রেখেছেন। জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচরের জেলে গিয়াস (৪০) বলেন, ‘পদ্মায় মাছ ধরা ছাড়া আমাদের আয়ের আর কোনো উৎস নেই। সরকারের দেওয়া পুনর্বাসনের ৩০ কেজি চালে আটজনের সংসার চালানো সম্ভব নয়। তাই অন্যায় জেনেও জাটকা ধরছি।’ জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘১ নভেম্বর থেকে ৩০ মে পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ। এ সময় ১১ হাজার জেলে পরিবারকে পুনর্বাসন-সহায়তা দেওয়া হচ্ছে। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা ধরা বন্ধের উদ্যোগ নেব।’রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে রাতে জেলেরা জাটকা নিধন করছেন। এসব জাটকা জেলেরা গ্রামে ফেরি করে প্রতি কেজি ৪০-৫০ টাকা দরে বিক্রি করছেন। নাম প্রকাশ না-করার শর্তে একজন জেলে জাটকা নিধনের কথা স্বীকার করে বলেন, জেলেরা জীবন বাঁচাতেই চুরি করে জাটকা নিধন করছে। সরকার জেলেদের পুনর্বাসনের জন্য টাকা দিচ্ছে। অথচ প্রকৃত জেলেরা টাকা পায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন পাটওয়ারী বলেন, ‘জাটকা নিধন রোধে প্রশাসন তৎপর রয়েছে। এ পর্যন্ত নদীতে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। প্রায় তিন মণ জাটকা ও দেড় হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।’