পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সোমবার পল্টন ময়দানে সমাবেশ করবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তাদের সমাবেশ সফল করতে সরকার সব ধরনের প্রতিবন্ধকতা দূর করবে বলেও আশা করেছে দলটি। গতকাল রোববার বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘আমরা এই জনসভা পল্টন ময়দানেই করব।’ তাহলে কি জামায়াত ১৪৪ ধারা ভাঙতে যাচ্ছে—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘আমরা ভাঙার চেয়ে সরকারকেই তা প্রত্যাহার করে নেওয়া উচিত।’ দলের সাংসদ ও ঢাকা মহানগর শাখার সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এ সময় বলেন, ‘আমাদের মাঠের অনুমতি আছে। মাঠে আমরা (আজ) যাব।’আজকের সমাবেশ সফল করতে ঢাকা মহানগর জামায়াত সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। গতকাল সমাবেশের প্রস্তুতি হিসেবে নগরীর ১২টি স্থানে মিছিল করেছে জামায়াতের নেতা-কর্মীরা।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, পুলিশ তাঁদের সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করায় তাঁরা আজ পল্টন ময়দানে যাবেন না। তবে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত সংগঠিত করতে আগামী ৩ জুন থেকে রাজধানীর থানায় থানায় এবং ৫ জুন থেকে জেলায় জেলায় সমাবেশ করা হবে। একই দাবিতে আগামী ৯ জুন মুক্তাঙ্গনে সমাবেশ করবে যুবলীগ। সেই সমাবেশ থেকে পল্টন ময়দানে সমাবেশের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।পানি, বিদ্যুৎ, গ্যাসের দাবি ও টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে ৩১ মে পল্টন ময়দানে সমাবেশ ডেকেছিল জামায়াত। গত শনিবার একই জায়গায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পাল্টা সমাবেশ ডাকে যুবলীগ। এই অবস্থায় গত শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রোববার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টনে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকালের সংবাদ সম্মেলনে তিনটি দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এগুলো হলো—আজ পল্টন ময়দানে যুবলীগের কর্মসূচি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পল্টন ময়দান ও তার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার এবং জামায়াতের জনসভার জন্য মাইক ব্যবহারের অনুমতি দেওয়া।দেলোয়ারের নিন্দা: পল্টনে জামায়াতের সমাবেশে নিষেধাজ্ঞা জারির নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।