নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় নদ-নদীতে মা-ইলিশ নিধন চলছে। কোনো কোনো এলাকায় পুলিশের বিরুদ্ধে ইলিশ ধরায় সহযোগিতা করার অভিযোগ উঠেছে।
অভিযোগ পাওয়া গেছে, বরিশালের তেঁতুলিয়া, কারখানা, ধুলিয়া, গোবিন্দপুর, কবাই এলাকার বিভিন্ন নদীতে পুলিশকে উৎকোচ দিয়েই চলছে ইলিশ শিকার। তবে জনবল কম থাকায় সব নদীতে অভিযান চালানো সম্ভব হচ্ছে না বলে পুলিশ দাবি করেছে।
বরিশালের তেঁতুলিয়া এবং কারখানা নদীর তীরের বাসিন্দারা অভিযোগ করেন, সরকার ১১ অক্টোবর থেকে মা-ইলিশ ধরা বন্ধের নির্দেশ দিলেও জেলেরা তা মানছেন না। প্রতিদিন রাতেই নদীতে নামেন জেলেরা। পুলিশ তাঁদের কাছ থেকে অর্থ এবং মাছ নিচ্ছে। তাই কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে অভিযোগ করেন, পুলিশকে অর্থ দিলেও তারা তাঁদের জাল ও মাছ নিয়ে যাচ্ছে। এক গ্রাম চৌকিদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ টাকার বিনিময়ে জেলেদের মাছ ধরার সুযোগ করে দিয়েছে। ওই মাছের একটা বড় অংশ পুলিশ নিয়ে যাচ্ছে।
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী, কলাপাড়ার লতাচাপলী, আন্ধারমানিক নদের মোহনা, দশমিনার বুড়াগৌড়াঙ্গ ও তেঁতুলিয়া, গলাচিপার কাজল, আগুনমুখা নদীসহ সাগর মোহনার বেশ কিছু এলাকায়ও জেলেরা রাতে ইলিশ শিকার করছেন।