নিষেধাজ্ঞা সত্ত্বেও ছড়া ইজারা বালু তোলায় হুমকিতে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালত এবং মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলের ভাড়াউড়া চা-বাগানের ভেতরে ভুরভুরি ছড়া থেকে বালু তোলা চলছেই। যথেচ্ছভাবে বালু তোলায় ভূমি ক্ষয় হচ্ছে। সড়ক ও সেতুর ক্ষতি হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশ-প্রতিবেশ।নথিপত্র থেকে জানা গেছে, মেসার্স মাহিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ভুরভুরি ছড়ার বালুমহালটি ইজারা নিয়েছে। ভুরভুরিয়া, রূপসপুর, সুনগইড় ও বালিশিরা পাহাড় মৌজার ১৩টি দাগে খালের ১২ দশমিক ১৮ একর জমি ইজারার অন্তর্ভুক্ত। মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন রাহিদ। তিনি শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। প্রতিষ্ঠানের ইজারা নেওয়া ওই বালুমহাল ব্যবসায় আরও পাঁচজন অংশীদার রয়েছেন। তাঁরা হলেন: শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমেদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব বাদশা, যুবলীগ পৌর শাখার সভাপতি মো. আকবর হোসেন শাহীন ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোলেমান আহমদ (যুক্তরাষ্ট্রপ্রবাসী, বর্তমানে দেশে)।শ্রীমঙ্গলের ফিনলের চিফ অপারেটিং অফিসারের (সিওও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কার্যালয়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল হক ১৯৯৯ সালের ১২ মে উচ্চ আদালতে (হাইকোর্ট) ভুরভুরি ছড়ার বালুমহাল ইজারার বিষয়ে একটি রিট আবেদন (নং ৩০৮৫/১৯৯৯) করেন। বিচারপতি মাইনুর রেজা চৌধুরী ও বিচারপতি এম এ আজিজের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তখন তিন মাসের জন্য ইজারা স্থগিত করেন। পরবর্তী সময়ে একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মোহামঞ্চদ মারজিয়ুল হকের সমন্বয়ে গঠিত অপর একটি বেঞ্চ ২০১১ সালের ২ আগস্ট রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বর্ধিত করেন।ফিনলের চিফ অপারেটিং অফিসার এম আলিমুজ্জামান মুঠোফোনে বলেন, চা-বাগানের মধ্যে অবস্থিত বালুমহাল ইজারা না দেওয়ার বিষয়ে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসকদের ভূমি মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে। ২০১১ সালের ৯ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শামসুল আরেফিন স্বাক্ষরিত এ নির্দেশনা চার জেলার জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন সিলেট শাখার চেয়ারম্যান ও ফিনলের ভাড়াউড়া ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জি এম শিবলি বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি মৌলভীবাজারের জেলা প্রশাসককে পাঁচবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ভুরভুরি ছড়া থেকে বালু তোলার ফলে চা-বাগানের আবাদি টিলাভূমি ধসে পড়ছে।১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম বলেন, ওই ছড়া থেকে বালু তোলার ফলে বিজিবি ক্যাম্পাসের ভেতরে একটি সেতু দেবে গেছে। বধ্যভূমি-৭১ প্রাঙ্গণের ঝুলন্ত সেতুটি ঝুঁকিতে পড়েছে।মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন রাহিদ বলেন, ‘আমরা কোনো অবৈধ ব্যবসা করছি না। ছড়া থেকে বালু তোলার আগেই ইজারা মূল্য বাবদ সাত লাখ ৬০ হাজার টাকা, আয়কর বাবদ ৩৮ হাজার টাকা এবং মূল্য সংযোজন কর বাবদ এক লাখ ১৪ হাজার টাকা তিনটি পৃথক চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়েছি।’ মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত যদি আমাদের অগোচরে হয়ে থাকে তাহলে এটা আমরা অবশ্যই সংশোধন করব। আমাদের সবার ওপরে আদালত। আদালতের নির্দেশ ভাঙার কোনো অবকাশ নেই।’