জাতীয় প্রেসক্লাবের কার্যকরী কমিটির ক্ষমতা হস্তান্তরের ওপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ ও সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আবদাল আহমেদকে নোটিশ পাওয়ার এক দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মুজাহিদুল ইসলাম এ আদেশ দেন।ওই আদেশ দেওয়ার আগেই গতকাল দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শওকত মাহমুদ। সভায় নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর থেকে প্রেসক্লাবে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। ক্লাব ক্যান্টিনে বহিরাগত ব্যক্তিরা ঢুকে পড়ছে। প্রেসক্লাব নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে গতকাল মামলা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম ১৩ জনকে বিবাদী করে এই মামলা করেন। বিবাদীদের মধ্যে আছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, নির্বাচন কমিশনের চেয়ারম্যানসহ চার সদস্য প্রমুখ। মামলার আর্জিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়, তাঁদের অনেকেই বেঁচে নেই। অনেকেই আছেন, যাঁরা সাংবাদিক নন। ভোটার তালিকায় কেউ কেউ আছেন যাঁরা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং কেউ কেউ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন কারাগারে রয়েছেন। এসব বিবেচনায় ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। আর্জিতে আরও বলা হয়, বাদীপক্ষের নির্বাচনী এজেন্টরা ভোট গণনার কাজ স্থগিত করার কথা বললেও তাঁরা (বিবাদীরা) তা উপেক্ষা করেন। একপর্যায়ে বাদীপক্ষের নিয়োজিত নির্বাচনী এজেন্টরা ভোট গণনাস্থল থেকে বেরিয়ে আসেন। এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ কারণে নির্বাচনকে অবৈধ ঘোষণার আবেদন করা হয়। একই সঙ্গে কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর স্থগিতাদেশ চেয়ে পৃথক আবেদন করা হয়।