নিষেধাজ্ঞার দিনেও বহিরাগত নেতারা ছিলেন প্রচারণায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা মানলেন না আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের বাসিন্দা বা ভোটার নন, এমন অনেক নেতা গতকাল সোমবারও নিজ দলের সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। তবে দুই দলের নেতারা দাবি করেন, বহিরাগতদের চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ত্যাগের সময় নিয়ে বিভ্রান্তির কারণে এ রকম হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশন চট্টগ্রামের বাইরের নেতাদের ১৪ জুনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। গত ২৮ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রথম এ ঘোষণা দেন। তবে ১৪ জুনের আগে, নাকি পরে নির্বাচন-সংশ্লিষ্ট বহিরাগতদের চট্টগ্রাম ত্যাগ করতে হবে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। পরে গত ৩ জুন নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র (নম্বর-৭) জারি করে স্পষ্ট করে বলা হয়, ১৪ জুনের আগে চট্টগ্রাম শহরের বাসিন্দা কিংবা ভোটার নন, নির্বাচনী প্রচারণায় সংশ্লিষ্ট এমন লোকজনকে চট্টগ্রাম ত্যাগ করতে হবে। নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি, ১৪ জুন থেকে কোনো বহিরাগত কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলে তাঁকে নিকটস্থ বাস কিংবা ট্রেন স্টেশনে পাঠিয়ে দিতে। এর পরও কেউ শহরে থাকলে তাঁর ব্যাপারে আমাকে জানাতে বলেছি।’ কেউ থাকলে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘পুলিশ কোনো ব্যবস্থা নেবে না; দেখেন, আমি কী ব্যবস্থা নিই।’গতকাল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির চট্টগ্রামের বাইরের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা নিজ নিজ মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের কাজে কোনো বাধা দেননি। সকাল থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ওবায়দুল কাদের, আসাদুজ্জামান নূর, দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণা চালান। এ ছাড়া ঢাকা, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে মধ্যম সারির অনেক নেতা চট্টগ্রামে অবস্থান করছেন। সাংসদ আসাদুজ্জামান নূর সকালে নগরের বকশিরহাট এলাকায় গণসংযোগ করেন। তাঁর সঙ্গে ছিলেন আফজাল হোসেন। বেলা দুইটার দিকে তিনি উত্তর নালাপাড়ায় গণসংযোগ করেন। এ সময় তাঁকে নির্বাচন কমিশন থেকে ফোন করে প্রচারণা বন্ধ করতে বলা হয়। আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। এ ব্যাপারে কমিশন আগে থেকে সময়সীমা পরিষ্কার করে একটি পরিপত্র জারি করলে ভালো হতো। ১৩ জুন রাত, নাকি ১৪ জুন রাত—এ নিয়ে বিভ্রান্তি ছিল বলে এ অবস্থা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ফোন পাওয়ার পর আমরা প্রচারণা বন্ধ করে দিয়েছি।’ওবায়দুল কাদের নগরের পাহাড়তলী এলাকায় প্রচারণা চালান। এ ছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের নেতৃত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ নগরের আগ্রাবাদ সুপারিওয়ালাপাড়া ও পানওয়ালাপাড়ায় গণসংযোগ করেন। এখানে অন্যদের মধ্যে ছিলেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহির উদ্দিন, নাসির উদ্দিন, শওকত হোসেন, আবুল বশর প্রমুখ।অন্যদিকে বিএনপিদলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ সকাল থেকে চকবাজার, দেওয়ানবাজার, বাকলিয়া, চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজসহ বিভিন্ন এলাকায় মোহাম্মদ মন্জুর আলমের পক্ষে গণসংযোগ করেন। একই সময়ে সিরাজউদ্দৌলা রোড, ঘাট ফরহাদবেগ, খলিপাপট্টিসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন। প্রচারণায় অংশ নেওয়ার কথা স্বীকার করে আমানউল্লাহ বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমরা বিভ্রান্ত ছিলাম। তাই সোমবার অল্প সময়ের জন্য গণসংযোগ করেছি। কমিশন নিষেধ করার পরই আমরা ঢাকায় ফিরে যাচ্ছি।’