নিষেধাজ্ঞার পরও ইজারা ও নবায়ন!
উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন জাহাজভাঙাশিল্প গড়ার জন্য উপকূলের ভূমি ইজারা দানের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ইজারা নবায়নও করা হচ্ছে। গত ২২ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে সীতাকুণ্ড উপকূলে কোনো খাস উপকূলীয় ভূমি ইজারা দান ও নবায়ন না করার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
জানা গেছে, ২০০৯ সালে সীতাকুণ্ডের সোনাইছড়ি উপকূলে জাহাজভাঙাশিল্প গড়ে তোলার লক্ষ্যে ১৫ হাজার ম্যানগ্রোভ গাছ ধ্বংসের পর এই মামলা করা হয়েছিল। তাদের কাজকর্মে ভূমি কিংবা বন বিভাগ থেকে বাধা না দেওয়ার জন্য নূরুনবী ভূঁইয়া নামে এক ব্যক্তি মামলাটি করেছিলেন। মামলা চলাকালীন নূরুনবী জায়গাটি এস কে স্টিলের কাছে বিক্রি করে দেন। তাদের পক্ষে হাইকোর্ট একটি আদেশও দেন। পরে বন বিভাগ থেকে একটি রিট পিটিশন (১৪৫৭ ও ১৪৫৮) করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, আপিল বিভাগের আদেশের পর গত চার মাসে নতুন করে একটি জাহাজভাঙাশিল্পকে উপকূলের ভূমি ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া অন্তত ১০টি জাহাজভাঙাশিল্পের ইজারা নবায়ন করা হয়েছে। জানতে চাইলে সীতকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর একটি নতুন শিপইয়ার্ড ইজারা পেয়েছে। এ ছাড়া ১০-১৫টি ইয়ার্ডের ইজারা নবায়ন করা হয়েছে।’ গত ২০ মে মামুন সীতাকুণ্ড ভূমি কার্যালয়ে যোগদান করেন। আপিল বিভাগের আদেশ থাকার
পরও কীভাবে নতুন ইজারা ও নবায়ন করা হচ্ছে জানতে চাইলে মামুন বলেন, ‘কোনো নিষেধাজ্ঞার কাগজ আমি পাইনি।’
জেলা প্রশাসন থেকে দাবি করা হয়, কেবল সোনাইছড়ি মৌজা এলাকার জন্য ইজারা ও ইজারা নবায়নের বিষয়টি প্রযোজ্য হবে। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক এম এ এইচ হুমায়ুন কবির বলেন, ‘একটি কী আদেশ ছিল এটা এ মুহূর্তে আমার মনে নেই। তবে আদেশে পুরো সীতাকুণ্ড এলাকার জন্য এ ধরনের নিষেধাজ্ঞা ছিল বলে মনে হয় না।’
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ হয়ে সীতাকুণ্ড ভূমি কার্যালয় জাহাজভাঙাশিল্পের ইজারা দেওয়া-নেওয়া করে থাকে। আপিল বিভাগের আদেশের পর সোনাইছড়ি মৌজায়ও ইজারা নবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বন বিভাগের দাবি, এই আদেশটি পুরো সীতাকুণ্ড উপকূলের জন্য প্রযোজ্য। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বরাবরে গত ৭ জুলাই লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তাতে বলা হয়, আদালতের আদেশ লঙ্ঘন করে উপকূলীয় ভূমি ইজারা দেওয়ার কথা উল্লেখ করা হয়।
এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু বলেন, ‘আদালত স্পষ্ট করে বলেছেন, কোনো ব্যক্তিকে সরাসরি ইজারা দান কিংবা ইজারা নবায়ন করতে নিষেধ করেছেন। এটা শুধু সোনাইছড়ির জন্য প্রযোজ্য নয়।’