নিষেধাজ্ঞার পরও বিক্রি করা হচ্ছে হল-মার্কের গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার সাভারে হল-মার্ক গ্রুপের গরু বিক্রি করে দেওয়া হচ্ছে। কোরবানির ঈদ সামনে রেখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা রাতের আঁধারে ট্রাকে করে বাইরে নিয়ে বিক্রি করেছেন পাঁচ শতাধিক গরু। এর আগেও দফায় দফায় কয়েক শ গরু বিক্রি করা হয়েছে।

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ গত বছরের অক্টোবর মাসে ওই প্রতিষ্ঠানের সব স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর না করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাভার থানায় চিঠি দিয়েছিল।

সোনালী ব্যাংকের ঋণের টাকায় জমি ক্রয় ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি হল-মার্ক গ্রুপ কর্তৃপক্ষ বিশাল গরুর খামার গড়ে তোলে। রাজধানীর উপকণ্ঠ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে হল-মার্ক গ্রুপের প্রধান শিল্পপার্ক এলাকায় ১২টি শেডে অন্তত তিন হাজার গরু পালা হচ্ছিল। এর মধ্যে দুটি শেডে গাভি ছিল অন্তত ২০০টি। কিন্তু গত এক বছরে অন্তত দুই হাজার গরু বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের ঈদুল আজহা সামনে রেখেও গরু বিক্রি করা হচ্ছে।

হল-মার্ক গ্রুপের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, গত জুলাই মাস পর্যন্ত দফায় দফায় অন্তত এক হাজার গরু (ষাঁড়) বিক্রি করা হয়। আর গত ঈদুল ফিতরের আগে বিক্রি করা হয় অন্তত ৫০০ গরু। আর এবার ঈদুল আজহায় বিক্রি করা হয়েছে পাঁচ শতাধিক গরু। গোপনে রাতের আঁধারে ট্রাকে করে এসব গরু শিল্পপার্ক এলাকার বাইরে নিয়ে বিভিন্ন পশুর হাটে বিক্রি করা হচ্ছে।

গতকাল সোমবার হল-মার্ক গ্রুপের প্রধান শিল্পপার্ক এলাকার ভেতরে ঘুরে তিনটি শেডে হাজার খানেক গরু দেখা যায়। বাকি শেডগুলোর মধ্যে দুটি শেড হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখা যায়। সম্প্রতি উচ্ছেদ অভিযানে ওই শেড দুটি গুঁড়িয়ে দেওয়া হয়। আর বাকি শেডগুলো ছিল ফাঁকা। এসব শেডে একসময় গাদাগাদি করে গরু রাখা হয়েছিল।

স্থানীয় লোকজন জানান, স্থানীয় প্রভাবশালী ও পুলিশ প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তার পরোক্ষ সহায়তায় প্রায় প্রতি রাতেই গরু বের করা হচ্ছে হল-মার্কের ভেতর থেকে। এসব গরু নিয়ে যাওয়া হচ্ছে গাবতলীসহ স্থানীয় বিভিন্ন হাটে।

জানতে চাইলে হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক আবদুল হক গতকাল বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য গরু বিক্রি করা হয়েছে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষের নিষেধ থাকা সত্ত্বেও গরু বিক্রি কেন করা হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো চিঠি বা আদেশ আমাদের দেওয়া হয়নি যে গরু বিক্রি করা যাবে না।’

হল-মার্কের সম্পত্তি রক্ষায় সোনালী ব্যাংকের পক্ষ থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা। তবে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’