প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ রাখার কারণে দেশের মানুষ বেশি ইলিশ খেতে পারছে। তবে মা ইলিশ ধরা বন্ধ রাখার মেয়াদ ১১ দিন থেকে বাড়িয়ে ২০ দিন করা হলে সুফল বেশি পাওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার মা ইলিশ সংরক্ষণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশলবিষয়ক সেমিনারে এ কথা বলেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। রাজধানীর মৎস্য ভবন সম্মেলনকক্ষে এই সেমিনারের আয়োজন করে মৎস্য অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
মা ইলিশ সংরক্ষণে সরকারি আদেশে ৫ থেকে ১৫ অক্টোবর সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত এবং মজুদকরণ নিষেধ ছিল। ওই সময় নজরদারির দায়িত্ব পালনকারী বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারের স্বাগত বক্তব্যে জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম জাহিদ হাবিব জানান, ২০০৪ সাল থেকে শুরু মা ইলিশ সংরক্ষণ অভিযান বর্তমানে ২৫টি জেলার ১২৫টি উপজেলায় বিস্তৃত। ২০১১ সালে অভিযান চলাকালে আটককৃত ইলিশের পরিমাণ ছিল ২১৫ মেট্রিক টন, আর এ বছর ছিল মাত্র ৪০ মেট্রিক টন। মানুষ সচেতন হয়েছেন, আইন অমান্য করে জেলেরা মা ইলিশ কম ধরছেন।