নিষেধাজ্ঞার সময় ধরা ইলিশ বরিশাল ও খুলনার মোকামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের ১১ দিনের নিষেধাজ্ঞার সময়ে উপকূলের নদ-নদীতে ইলিশ শিকার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গভীর বঙ্গোপসাগরে ধরা হয়েছে। এ কারণে ইলিশের বংশবিস্তার বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞরা।

জানা গেছে, উপকূলের প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শুরুর আগেই কয়েক শ ট্রলার গভীর বঙ্গোপসাগরে পাঠান। আর এসব ট্রলারে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ২৩ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে উপকূলে ফিরতে শুরু করে ওই সব ট্রলার। কিন্তু বিতর্ক এড়াতে এসব ট্রলার বরগুনার পাথরঘাটা মহিপুর মৎস্য অবতরণের কেন্দ্র ও পটুয়াখালী জেলার মৎস্য বন্দরে না এসে বরিশাল ও খুলনায় গিয়ে মাছ বিক্রি করছে।

বরিশালের মৎস্য আড়তদারেরা জানান, বুধবার রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত চার দিনে বরিশালের পোর্ট রোডের মোকামেই প্রায় সাড়ে তিন হাজার মণ বিভিন্ন সাইজের ইলিশ এসেছে। রোববার সকালে ইলিশ মাছ বোঝাই আর প্রায় ১০০টি ট্রলার খালাসের অপেক্ষায় ঘাটে নোঙর করে থাকতে দেখা গেছে।

মৎস্য বিশেষজ্ঞদের ধারণা, ডিম ছাড়ার জন্য সাগরের নোনা জল থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিঠাপানির সন্ধানে নদীতে ফেরার সময় জালে ধরা পড়েছে। এ কারণে ইলিশের বংশবিস্তার বাধাগ্রস্ত হতে পারে। কারণ,  প্রতিটি ইলিশ কমপক্ষে ২২ লাখ ডিম ছাড়তে পারে।

বরিশাল মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ কুমার দাস জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বরিশালে প্রায় ৩০০ আড়তের প্রতিটিতে কয়েক শ মণ ইলিশ এসেছে। বিপুল পরিমাণ ইলিশ আমদানির কারণে দামও অনেক কমে গেছে।

রোববার বরিশালের মোকামে দেড় কেজি ওজনের ইলিশ মণপ্রতি বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকা। এক হাজার ২০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ২৮ হাজার টাকা মণ। মণপ্রতি ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে এক কেজি ওজনের ইলিশ।

জেলেরা জানান, ১১ দিনের নিষেধাজ্ঞার সময়ও শত শত ট্রলার গভীর সাগরে নির্বিঘ্নে ডিমওয়ালা ইলিশ শিকার করেছে। এ সময় ট্রলারেই বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে তাঁরা বরগুনা, পাথরঘাটা, কলাপাড়া ও মহিপুরে না গিয়ে বরিশালে মাছ বিক্রি করেছেন। দু-এক দিনের মধ্যে আরও অনেক ট্রলার ঘাটে ফিরে আসবে।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘গভীর সাগরে নিষেধাজ্ঞা কার্যকরের ব্যাপারে আমাদের কোনো বাহন ও সহায়তা ছিল না। একটি ট্রলার ১৫ দিন পর্যন্ত সাগরে থাকতে সক্ষম। এসব ট্রলার সেই সুবিধা কাজে লাগিয়েছে।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ বলেন, ওই ১১ দিন সাগরে ডিমওয়ালা ইলিশ নিধন মাছটির জীবনচক্রে বড় ধরনের প্রভাব ফেলবে।