নিষেধাজ্ঞাসহ নানা চাপে পড়তে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে নিষেধাজ্ঞাসহ নানা চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এর এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়। এতে আসন্ন নির্বাচনকে গ্রহণযোগ্য করার উপায় খুঁজে বের করতে বিরোধী দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

সম্পাদকীয়তে বলা হয়, এই বছরের শুরু থেকে বেশ কয়েক দফা হরতালে বাংলাদেশ অচল হয়ে পড়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংস সংঘর্ষে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে। বিরোধী দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ও মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আদালত যথাযথ আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ত্রুটিপূর্ণ রায় দিয়েছেন এবং মৃত্যুদণ্ড দিয়েছেন।

এতে আরও বলা হয়, এই সংকটের জন্য সরলভাবে আওয়ামী লীগের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। মনে হচ্ছে, আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী হতে এবং যেকোনোভাবে হোক, তাঁর বিরোধীদের নিষ্ক্রিয় করতে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ। ২০১১ সালে তিনি সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেন। এর পরিবর্তে তিনি তাঁর নেতৃত্বে একটি ‘সর্বদলীয় সরকার’ গঠন করেছেন। এটি বিরোধী দলের নেতা খালেদা জিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। এই দুজন সম্ভাব্য এক বিস্ফোরণোন্মুখ অচলাবস্থার মধ্যে আটকে আছেন।

এতে বলা হয়, ইতিপূর্বে আসন্ন নির্বাচনে বিএনপির মিত্র জামায়াতে ইসলামীর অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে সমর্থন করেন এমন অনেক বাংলাদেশি আশঙ্কা করছেন, ইসলামি দলগুলো দেশের ভিত্তির জন্য হুমকি। কিন্তু জামায়াতকে নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা হলে তাদের বিক্ষুব্ধ হতাশ সমর্থকেরা রাস্তায় নেমে আসবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে সম্পাদকীয়তে বলা হয়, ২০০৯ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালে নৃশংতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে বিরোধী দলের কয়েকজন নেতাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। মূলত বিরোধী রাজনীতিকদের দমন করতেই ট্রাইব্যুনালকে আরেকটি হাতিয়ার বানানো হয়েছে বলে মনে হচ্ছে।

মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে বাংলাদেশ সম্ভাব্য অবরোধসহ নানা চাপের মুখে পড়তে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনা, মানবাধিকারকর্মীদের হয়রানি বন্ধ করা এবং আগামী নির্বাচন সামনে রেখে গ্রহণযোগ্য পথে সরকার বদলের উপায় খুঁজে বের করতে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কাজ করা।