নিষেধের পরও কারখানা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিল্প পুলিশের নিষেধের পরও ফাটল দেখা দেওয়া একটি ভবনে গতকাল মঙ্গলবার কারখানা চালু করা হয়। কারখানা ভবনের মালিক বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) পরিচালক ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। গত সোমবার সকালে ছয়তলা ভবনের ওই কারখানায় ফাটল দেখতে পেয়ে কাজ না করে আতঙ্কে মাঠে চলে যান ভাড়া নেওয়া এ কে ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা। খবর পেয়ে আদমজী শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।শিল্প পুলিশ-৪-এর পরিচালক মাহবুব আলম জানান, ভবনের মালিককে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা পরিদর্শন করে ভবনটি সম্পর্কে প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদন পাওয়ার পর করণীয় ঠিক করতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল কারখানা চালু রাখে এ কে ফ্যাশন লিমিটেড। স্থানীয় লোকজন জানান, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের পাশে ডিএনডি বাঁধের পানিনিষ্কাশন খালের পশ্চিমে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ডোবা ভরাট করে ছয়তলা ভবন নির্মাণ করেন মজিবুর। মজিবুর গতকাল প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালে ভবন নির্মাণের পর ২০০৩ সালে সিদ্ধিরগঞ্জ পৌরসভা গঠিত হলে সেখান থেকে নকশা অনুমোদন করানো হয়। ভবনের দেয়ালের ফাটল ঝুঁকিপূর্ণ নয়। ফাটল মেরামত করা হচ্ছে। ঝুঁকি না থাকায় কারখানা আবার চালু করা হয়েছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর সিদ্ধিরগঞ্জ পৌরসভা এলাকা করপোরেশনের মধ্যে যুক্ত হয়েছে। ভবনে ফাটলের ব্যাপারে সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আজগর হোসেন জানান, মজিবুর রহমানকে তাঁর ভবনের নকশার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে চিঠি দেওয়া হয়েছে।