ঢাকার নিষ্কাশনব্যবস্থার এখন যে অবস্থা, তাতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই অবস্থার উন্নতি না করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে রাস্তায় সাঁতার কাটতে হবে। নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা এই বলে সতর্ক করে দিলেন।
গতকাল শনিবার সকালে নগর ভবনের সেমিনার কক্ষে আয়োজিত ‘নগর ঢাকায় জলজট: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এই আশঙ্কার কথা জানিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এই সেমিনারের সহযোগী ছিল বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও ঢাকা ওয়াসা। এ ছাড়া রাজউক, গণপূর্ত অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ নগর গবেষণা ও পরিবেশ নিয়ে কাজ করেন—এমন প্রায় ১১টি সংস্থা ও সংগঠনের বিশেষজ্ঞরা এতে অংশ নেন। সেমিনারে নগরের জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি, এর কারণ ও প্রতিকারের সুপারিশ নিয়ে পাঁচটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে এর ওপর বিশেষজ্ঞরা আলোচনা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক মুজিবুর রহমান, ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, ঢাকা ওয়াসার উপমহাব্যবস্থাপক এস ডি এম কামরুল আলম চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আজিজুল হক ও নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব।
বিশেষজ্ঞরা বলেন, আগে ঢাকায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়ে যে জলাবদ্ধতার সৃষ্টি হতো, এখন মাত্র ৮০ মিলিমিটার বৃষ্টিতে তেমন এবং কোথাও কোথাও তারও চেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এক ঘণ্টার বৃষ্টির পানি কোথাও কোথাও ১০ ঘণ্টাতেও নামে না। পানি নামতে না পারার কারণ— নিষ্কাশনব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। এখানে পয়োবর্জ্য নিষ্কাশনের নর্দমা ও বৃষ্টির পানি নিষ্কাশনের নর্দমা অনেক জায়গায় এক হয়ে গেছে। কঠিন বর্জ্য নর্দমার প্রবাহ বাধাগ্রস্ত করছে। অনেক জায়গায় নর্দমা বন্ধ হয়ে গেছে। উপরন্তু পানি গিয়ে যেখানে পড়বে, সেই খাল ও জলাভূমিগুলো দখল ও ভরাট করে ফেলা হয়েছে।
সেমিনারে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকার প্রধান দুটি সমস্যা হলো যানজট ও জলাবদ্ধতা। তিনি নির্বাচনের আগে বলেছিলেন বিশেষজ্ঞ ও সুধীজনদের নিয়ে সবার মতামতের ভিত্তিতে নগরের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। সেই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই জলাবদ্ধতা নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনার ও আলোচনা থেকে যে সুপারিশমালা তৈরি করা হবে, সেই সুপারিশের আলোকে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘জলাবদ্ধতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দখল, অপরিকল্পিত ভবন নির্মাণ, সুয়ারেজ লাইন বন্ধ হয়ে যাওয়া—এসব পুরোনো সমস্যা। এসব মেনেই একটা জায়গা থেকে সমস্যা সমাধানের জন্য আমাদের কাজ শুরু করতে হবে। বর্তমান সরকার আমাদের দৃঢ়ভাবে সমর্থন ও সহায়তা দিচ্ছে।’ আলোচনা পর্বে অংশ নেন অধ্যাপক নজরুল ইসলাম, স্থপতি মোবাশ্বের হোসেন, গোলাম রহমান, অধ্যাপক বদরুজ্জামান, সুলতান আহমেদ, স্থপতি আবু সাঈদ, ইউএনডিপির প্রতিনিধি আহমেদ হাসান, আখতার মাহমুদ প্রমুখ।