নিষ্ক্রিয় হলো উদ্ধার হওয়া মর্টার শেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে উদ্ধার হওয়া মর্টার শেলটি গতকাল বুধবার নিষ্ক্রিয় করা হয়েছে। দুপুরে পঞ্চগড় শহরসংলগ্ন করতোয়া নদীর বালুচরে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল।
বোমা নিষ্ক্রিয়কারী দলে নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন হিশাম মো. শফিক। ‘মর্টার শেল উদ্ধার’ শিরোনামে গত ১০ এপ্রিল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সদর উপজেলার জগদল এলাকার চাওয়াই নদীর গোয়ালপাড়া ঘাটে মাছ ধরতে বালু সরাতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায় স্থানীয় স্কুলশিক্ষার্থী সাকিমুল (১২) ও শাকিল (১৪)। পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দিলে উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা ওই পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পঞ্চগড়ের জগদলের পাশে অমরখানা এলাকায় পাকিস্তানি সেনাদের শক্ত ঘাঁটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের বারবার সম্মুখযুদ্ধ হয়েছিল। নিষ্ক্রিয় করা মর্টারটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহারের জন্য আনা হয়েছিল।