নিষ্ক্রিয়তার অভিযোগে ১০৩ সংস্থার নিবন্ধন বাতিলের সুপারিশ
দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় সমাজসেবা অধিদপ্তরের মাগুরা কার্যালয় জেলার ১০৩টি বেসরকারি সংস্থার (এনজিও) নিবন্ধন চূড়ান্তভাবে বাতিলের জন্য চলতি সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে। এসব এনজিওর কোনো কোনোটি দুই যুগেরও বেশি সময় নিষ্ক্রিয় রয়েছে।সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী সমাজসেবা অধিদপ্তর মাগুরা এনজিওগুলোর নিবন্ধন বাতিলের জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠায়। মহাপরিচালক মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এসব এনজিওর নিবন্ধন বাতিল বা বিলুপ্তির জন্য সুপারিশ পাঠাবেন।সূত্র জানায়, মাগুরা শহরের পিটিআইপাড়ার এনজিও ইশিকা ২০০০ সালে নিবন্ধিত হওয়ার পর থেকেই এ সংস্থার কোনো কার্যক্রম নেই। পারনান্দুয়ালি উন্নয়ন গবেষণা কাজ ও তথ্যকেন্দ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ১৯৯৪ সালে নিবন্ধন নেয়। দুই বছর কার্যক্রম চালানোর পর সংস্থাটি বিলুপ্ত হয়। মাগুরা শহরের ঝিনাইদহ সড়কে পল্লী কল্যাণ সংসদ নামে একটি সংস্থা ১৯৯২ সালে নিবন্ধনের পর থেকেই নিষ্ক্রিয়। মাগুরা সমাজসেবা অধিদপ্তর পৌর এলাকার ৩৭টি, সদর উপজেলার ১৬টি, মোহম্মদপুর উপজেলার আটটি, শ্রীপুর উপজেলার ২৪টি ও শালিখা উপজেলার ১৮টি এনজিওর নিবন্ধন চূড়ান্তভাবে বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে।সমাজসেবা অধিদপ্তর মাগুরার ভারপ্রাপ্ত উপপরিচালক শেখ রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, জেলার ১০৩টি এনজিওর নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল বা এগুলো বিলুপ্তির জন্য সুপারিশ করা হয়েছে। সরেজমিনে ওই সংস্থাগুলোর অধিকাংশরই অস্তিত্ব পাওয়া যায়নি। অনেক সংস্থা সাইনবোর্ড-সর্বস্ব; এর কোনো কার্যক্রম নেই। সংস্থাগুলোর কর্মকর্তাদের শুনানির জন্য একাধিকবার নোটিশ করা হয়েছে। কিন্তু তাঁরা হাজির হননি। নামসর্বস্ব এসব সংস্থার নিবন্ধন বাতিল বা বিলুপ্তির সুপারিশ করা হয়েছে।