নিষ্ঠুরতা
জমি নিয়ে বাবার সঙ্গে বিরোধের জের ধরে ফাহমিদা খাতুন নামের এক শিশুকে (তিন বছর ১০ মাস) কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী। রাজশাহীর তানোর উপজেলার নরিয়াল গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল দুপুরে বাড়ির বাইরে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী আমজাদ হোসেন তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটির চোখের ওপর দিয়ে এমনভাবে কোপ দেওয়া হয়েছে, যে কারণে তার বাঁচার সম্ভাবনা ছিল না।’ তানোর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, শিশুটির বাবা জিয়াউর রহমানের সঙ্গে আমজাদের একটি খাসজমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই সুযোগ বুঝে আমজাদ শিশুটিকে ঠান্ডা মাথায় কুপিয়েছে। পরে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে তাকে পুলিশের সোপর্দ করে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’