নিষ্ঠুরতার শিকার ১৪ হাজার গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে একে পাতা ছিঁড়ে নেওয়ার পরও গাছগুলো কোনোক্রমে বেঁচে আছে। এরপর তাদের চোখ পড়ে ডালপালার দিকে। ধীরে ধীরে তারা ডালপালা কাটা শুরু করে। সড়কের দুই পাশে ডালপালা, পত্রপল্লবহীন সারি সারি গাছ এখন ন্যাড়া, শ্রীহীন। যেন মৃত্যুর প্রহর গুনছে গাছগুলো। এর পরও থেমে থাকেনি স্থানীয় লোকজন। কোনো কোনো গাছের গোড়াসুদ্ধ কেটে ফেলা হয়েছে। আবার দুষ্কর্ম আড়াল করতে গাছের গর্ত মাটি দিয়ে ঢেকেও দেওয়া হয়েছে। মানুষের এমনই নিষ্ঠুরতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁও-রুহিয়া ও ঢোলরহাট-ফাঁড়াবাড়ী সড়কের ১৪ হাজার কাঁঠালগাছ।এলাকাবাসী জানান, ১৯৯৬ সালের দিকে বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ওআরডি) ঠাকুরগাঁও সদর উপজেলার সড়ক দুটির দুই ধারে ১৫ হাজার কাঁঠালগাছের চারা রোপণ করে। সেগুলো দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় সদর উপজেলার আকচা, রাজাগাঁও ও রুহিয়া ইউনিয়ন পরিষদ। গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ বেশ কয়েকজন লোক নিয়োগ করে। গাছের শুকনো ডালপালা ও ফল বিক্রি করে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হতো। ২০০৩ সালের দিকে গাছগুলো ফল দেওয়া শুরু করে। সে বছরই প্রায় তিন লাখ টাকার কাঁঠাল বিক্রি করে ইউনিয়ন পরিষদ। এরপরই জেলা পরিষদ গাছগুলোর দেখভালের দায়িত্ব নিয়ে নেয়। পরে রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকার লোকজন গবাদিপশুর খাদ্যের জন্য গাছের পাতা এবং পরে ডালপালা কাটা শুরু করে। ইতিমধ্যে কয়েক শ গাছ মরে গেছে। আবার কিছু গাছ ডালপালা ও পাতাহীন অবস্থায় মৃত্যুর অপেক্ষায় রয়েছে। এদিকে জেলা পরিষদ এক দরপত্রের মাধ্যমে ৪৭ হাজার টাকার বিনিময়ে ২০০৮ সাল থেকে তিন বছরের জন্য রুহিয়া-ফাঁড়াবাড়ী সড়কের গাছগুলোর ফল ভোগের অনুমতি দেয় একজনকে। শুধু কার্যাদেশ পর্যন্তই সীমাবদ্ধ থাকে জেলা পরিষদের কার্যক্রম। ধ্বংসপ্রায় কাঁঠালগাছগুলো রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি তারা। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউপির চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার চৌধুরী বলেন, গাছগুলো ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকাকালে সব সময় সেগুলো নজরে রাখা হতো। ফলে এলাকার লোকজন ডাল-পাতা কেটে নেওয়ার সাহস পেত না। সে সময় কাঁঠাল বিক্রি করে দুই থেকে তিন লাখ টাকা রাজস্ব আয় হতো। এখন মানুষ সেগুলো কেটে নিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়েজ উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কাঁঠালগাছগুলো দেখে নিজেরই খারাপ লেগেছে। ওই গাছগুলো থেকে বছরে কমপক্ষে পাঁচ লাখ টাকার রাজস্ব আয় করা সম্ভব। কিন্তু পরিষদের লোকবল-সংকট ও অর্থের অভাবে গাছগুলো রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখতে পারছি না।’ তিনি জানান, গাছের পাতা ছেঁড়া ও ডাল কাটা থেকে লোকজনকে বিরত রাখতে এলাকায় মাইকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।