চট্টগ্রাম নগরের পাথরঘাটা ফিশারিঘাটের পরিবর্তে বাকলিয়ার চরচাক্তাই এলাকার নতুন মাছবাজারে যেতে আগ্রহী নন বেশির ভাগ পাইকারি মাছ ব্যবসায়ী। এ জন্য পাথরঘাটা ফিশারিঘাট–সংলগ্ন রাস্তায় দুদিন ধরে মাছ বিক্রি করছেন তাঁরা। আজ রোববার চট্টগ্রামের নিম্ন আদালতে এ–সংক্রান্ত মামলায় পক্ষভুক্ত হবেন ক্ষুব্ধ মাছ ব্যবসায়ীরা। তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
গতকাল শনিবার বেলা দেড়টায় পাথরঘাটার ইকবাল রোডে অবস্থিত ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য ফিশারিঘাট পাহারা দিচ্ছেন। ক্রেতা-বিক্রেতার ভিড় নেই। খাঁ খাঁ করছে পাইকারি এই মাছবাজারের মূল চত্বর। তবে গতকাল ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ফিশারিঘাট–সংলগ্ন রাস্তায় মাছ কেনাবেচা হয়েছে বলে জানান মাছ ব্যবসায়ীরা।
গত ২২ ফেব্রুয়ারি পাথরঘাটার মাছের আড়ত বাকলিয়ার চরচাক্তাই এলাকায় সরিয়ে নেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ কারণে ইকবাল রোডের ফিশারিঘাটে পাইকারি মাছ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনার পর গত ১৫ মার্চ নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী পাথরঘাটায় সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে সমাবেশ করে সেখানে আবার মাছের বাজার চালুর ঘোষণা দেন। পরদিন ভোর থেকে আবার সেখানে মাছের পাইকারি ব্যবসা শুরু হয়। এরপর গত ২১ জুন চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী জজ রুবায়েত ফেরদৌস পাথরঘাটা ফিশারিঘাটে মাছ ব্যবসার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। এ–সংক্রান্ত আদেশের অনুলিপি কোতোয়ালি থানা-পুলিশ হাতে পায় গত ২৯ জুন। এরপর পুলিশ ফিশারিঘাটের মূল চত্বর নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ফলে পাইকারি ব্যবসায়ীরা দুদিন ধরে রাস্তায় মাছ বেচাকেনা করেছেন। আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাঁরা রাস্তায় মাছ বিক্রি করবেন বলে প্রথম আলোকে জানান।
আদালতের নির্দেশে বাজার বন্ধ ঘোষিত হলেও ফিশারিঘাট ছাড়েননি অনেক ব্যবসায়ী। সড়কে বেচাকেনা শেষে মামলা নিয়ে সলাপরামর্শ করছিলেন তাঁরা। জিজ্ঞেস করতেই ৮-১০ জন আড়তদার জানালেন, আজ রোববার আদালত খুলছে। চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ রুবায়েত ফেরদৌসের আদালতে তাঁরা এই মামলার পক্ষভুক্ত হবেন। এ জন্য সংশ্লিষ্ট সবার সই সংগ্রহ করছেন তাঁরা।
মাছ ব্যবসায়ী পিপলু বড়ুয়া বলেন, ‘চরচাক্তাইয়ের মাছবাজার অবৈধ। সেটা হাইকোর্ট বলেছেন। তবে নিম্ন আদালত ফিশারিঘাট মাছ বিক্রির ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন। সেটি বাস্তবায়নে পুলিশ এগিয়ে এসেছে। আমরা সব আদালতকে সম্মান করে রাস্তায় মাছের ব্যবসা করছি।’
আধা কিলোমিটার দূরে চরচাক্তাই এলাকায় নতুন মাছবাজারে গিয়ে সব আড়ত বন্ধ দেখা গেছে। সেখানে কোনো মাছ ব্যবসায়ীকে পাওয়া যায়নি। এখানকার মাছ ব্যবসায়ীরা বলেন, গত ২২ ফেব্রুয়ারি এই বাজার চালু হয়। এরপর প্রতিদিন অল্প কিছু ব্যবসায়ী এখানে মাছ নিয়ে বসছেন।
এদিকে রাস্তায় মাছবাজার বসায় প্রতিদিন ভোর সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত পাথরঘাটার ইকবাল রোড বন্ধ থাকছে। তবে দক্ষিণ চট্টগ্রামের মানুষ বিকল্প হিসেবে শাহ আমানত সেতু থেকে মেরিনার্স সড়ক হয়ে ফিরিঙ্গিবাজার দিয়ে মূল শহরে যাতায়াত করছেন।
ফিশারিঘাটের মাছ ব্যবসায়ীরা জানান, তাঁরা বাকলিয়ার চরচাক্তাই এলাকার নতুন মাছবাজারে যাবেন না। কারণ, খুচরা মাছ ব্যবসায়ীরা নতুন বাজারে যেতে আগ্রহী নন। আর এটি অবৈধ স্থাপনার যে তালিকা হয়েছে, তার অন্তর্ভুক্ত বলে ক্ষুব্ধ মাছ ব্যবসায়ীরা দাবি করেন।
চরচাক্তাইয়ে মাছবাজার রাখার পক্ষে আছেন পাইকারি মাছ বিক্রেতা নুর হোসেন। তিনি বলেন, ‘পাথরঘাটা ফিশারিঘাটে জায়গার সংকুলান হচ্ছে না। তাই চরচাক্তাই এলাকায় বড় পরিসরে বাজার বানানো হয়েছে। এটা চট্টগ্রাম বন্দরের জায়গা। অবৈধ স্থাপনার তালিকায় চরচাক্তাইয়ের নতুন মাছবাজার নেই।’
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘হাইকোর্ট কর্ণফুলী নদীর তীরে সব স্থাপনা উচ্ছেদের আদেশ দিয়েছেন। নতুন মাছবাজারও কর্ণফুলীর তীরে অবস্থিত, যেটি অবৈধ হতে পারে বলে আমি শুনেছি। এখন সবকিছু যাচাই করে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেব।’