নিষ্পত্তি হওয়া ১৬৮ মামলার পুনঃশুনানি
নিষ্পত্তি হওয়ার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলার পুনঃশুনানি করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২ মে থেকে এ মামলাগুলোর পুনঃশুনানির কার্যতালিকায় রাখা হয়েছে।
এই ১৬৮টি মামলার রায় ও আদেশের মধ্যে ১৬১টি লেখার দায়িত্বে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং সাতটির দায়িত্বে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানও পুনঃশুনানির কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, ১০৭টি মামলা শুনানির জন্য রাখা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে। বাকি ৬১টি মামলা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ২ নম্বর বেঞ্চে। এসব মামলার বেশির ভাগ আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল)।
জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৬৮ তো বেশ বড় একটি সংখ্যা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটা নজিরবিহীন হতে পারে, তবে বইপত্র না ঘেঁটে এ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না।’ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী আরও বলেন, ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ আদালত যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। যদি আদালত মনে করেন, ন্যায়বিচারের জন্য পুনঃশুনানি করতে হবে, তাহলে অবশ্যই তাঁরা সে সিদ্ধান্ত নিতে পারেন।
রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, গত বছরের অক্টোবরে অবসরে যাওয়ার পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর হাতে ১৬১টি মামলার রায় ও আদেশ লেখার জন্য ছিল। কার্যতালিকায় ১৬১টি মামলা পুনঃশুনানিতে আসার বিষয়ে জানতে চাইলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধান বিচারপতি এটি করতে পারেন না।’