নিষ্পত্তির আগেই লক্ষ্মী নারায়ণ কটন মিলে নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের গোদনাইল এলাকায় অবস্থিত বিটিএমসির নিয়ন্ত্রণাধীন নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলস নিয়ে অংশীদারদের সঙ্গে বিরোধ নিষ্পত্তির আগেই কারখানার নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান ও তাঁর ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের উপস্থিতিতে নতুন পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়।
সাধারণ অংশীদারদের দাবি, ৭০০ কোটি টাকা মূল্যের মিলটি মাত্র ৩৫ কোটি টাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সরকার শ্রমিকদের কাছে মিলটি বুঝিয়ে দিলেও নতুন পরিচালনা পর্ষদে সাধারণ শ্রমিকদের কাউকে রাখা হয়নি। মিলের স্থাবর ও অস্থাবর সব ধরনের সম্পদ স্থানান্তর বা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পরিচালনা পর্ষদ তা অমান্য করে নতুন কমিটি গঠন করেছে।
গতকাল বিকেলে নিউ লক্ষী নারায়ণ কটন মিল প্রাঙ্গণে নতুন পরিচালনা পর্ষদকে বরণ ও সাবেক কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের একটি বাচ্চা ছেলেকে হত্যার পর আমাদের খুনি বানানোর চেষ্টা করা হয়েছে। ছোট বাচ্চাকে আমরা কেন খুন করতে যাব। করলে তো আইভীকেই (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী) করা যায়। ওই ছেলের বাবাসহ আরও অনেকেই আইভীর নির্বাচন করেছিল। কিন্তু তারা চেয়েছিল ওসমান পরিবারের ওপর খুনির তিলক এটে দিতে। তবে তারা সেটা পারেনি।’
অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘যদি কোনো শেয়ারহোল্ডার মনে করেন কোনো অন্যায় হয়েছে; তাহলে জানান। আপনাদের জন্য যা যা করা দরকার অবশ্যই তা করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির ব্যবস্থাপনা পরিচালক দেশের শীর্ষস্থানীয় নিটওয়্যার রপ্তানিকারী প্রতিষ্ঠান নিট কনসার্ন গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন মোল্লা। সাত সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটিতে আছেন তাঁর দুই ভাই জাহাঙ্গীর হোসেন মোল্লা ও মনির হোসেন মোল্লা। অন্য পরিচালকেরা হলেন সামসুন নাহার, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান ও তোফাজ্জল হোসেন।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণ কটন মিল বর্তমানে বন্ধ রয়েছে। মিলের মোট জমি ১৮ দশমিক ৬৭ একর। যার বর্তমান বাজারদর প্রায় ৭০০ কোটি টাকা বলে দাবি অংশীদারদের।
অনুষ্ঠানের আগে যা বললেন নাসিম ওসমান: অনুষ্ঠান শুরুর আগে নাসিম ওসমান টেলিভিশনের সাংবাদিকদের বলেন, ‘অনেকের ধারণা, আমাদের কাছে দুই/পাঁচ হাজার কোটি টাকা আছে। কিন্তু আমরা (টাকা) দিতে পারি না। কেউ দিলে খাই, না দিলে খাই না। হালিম আজাদ (নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বাসসের উপ-বার্তা প্রধান ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব) এসপি, ডিসিকে জ্ঞান দেয়। এসপি, ডিসিও কেন জানি তার জ্ঞানটা নেয়। ওরে তো গোনায়ও ধরি না। বাসসের চাকরিটা যেকোনো সময় খেয়ে ফেলতে পারি। কিন্তু আগে খামু কালিটারে। কত কালি দেখলাম। কালির বাপেরেও দেখছি।’ নাসিম ও শামীম ওসমান এর আগেও অনেক বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কালী বলে সম্বোধন করেন।