নিষ্পত্তির জন্য পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী ও স্পিকারের দপ্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ শরীফ আহমেদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুব্রত পালকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী ও স্পিকারের দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সুব্রত পাল ফুলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সংশ্লিষ্ট সূত্র বলেছে, পৌর নির্বাচনের সময় তিনি সাংসদের বিরুদ্ধে হুমকির বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। কমিশন নিজস্ব সচিবালয়ের উপসচিব রকিব উদ্দিন মণ্ডলকে দিয়ে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। এরপর সুব্রত পাল জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে ওই অভিযোগ করেন। মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি আবার নির্বাচন কমিশনে পাঠায়। এখন কমিশন বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী ও স্পিকারের দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, কমিশন তদন্ত করে ওই অভিযোগের সত্যতা পায়নি। এ কারণে ব্যবস্থা নিতে পারেনি। এখন যেহেতু মন্ত্রিপরিষদ থেকে চিঠি এসেছে, তাই বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী ও স্পিকারের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের জন্য রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল ওই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শশধর সেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন নির্বাচনের সময় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছিল।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আমিনুল হক বিজয়ী হন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাংসদ শরীফ আহমেদের মোবাইল ফোনে ফোন করলেও অপর প্রান্ত থেকে রিসিভ করা হয়নি। কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এ ধরনের অভিযোগ তদন্ত করতে গেলে সাক্ষী-প্রমাণ পাওয়া যায় না। কারণ, স্থানীয় লোকজন সাংসদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। তবে কমিশন এখন যে সিদ্ধান্ত নিয়েছে, তা যথাযথ। প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি নতুন করে তদন্তের নির্দেশ দিলে প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে।