নিষ্পত্তির হার খুব কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নাটোরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসংক্রান্ত আবেদনের (মামলা) নিষ্পত্তির হার খুব কম। রাষ্ট্রপক্ষ বলছে, জনবল-সংকট ও কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা জজ আদালতের এক কর্মকর্তা জানান, নাটোরে ‘ক’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসংক্রান্ত মামলা হয়েছে এক হাজার ৭৭টি। যদিও জেলা প্রশাসনের রাজস্ব শাখার এক কর্মকর্তার মতে, তাঁদের কাছে ৭২২টি মামলার হিসাব রয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৮টি। এর মধ্যে সরকারের পক্ষে রায় হয়েছে ১৯টি, বিপক্ষে ৩৯টি। এ ব্যাপারে ২৩টি প্রত্যর্পণ আপিলও চালু রয়েছে।
নাটোর জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী সুশান্ত কুমার ঘোষ একাই এ-সংক্রান্ত প্রায় ৪০০টি মামলা পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে জানান, শুধু এই মামলা করার জন্য পৃথক ট্রাইব্যুনাল করা খুবই জরুরি। কারণ, চলমান ট্রাইব্যুনাল এই মামলার পাশাপাশি অন্য সব মামলার বিচার করেন। ফলে বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে কোনো মামলাই নিষ্পত্তি হচ্ছে না।
এদিকে ‘খ’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের হার আরও হতাশাজনক। ২০১৩ সালের অক্টোবরে প্রত্যর্পণ আইন সংশোধন করে ‘খ’ তালিকা বিলুপ্ত করা হয়। আগের ‘খ’ তালিকাভুক্ত সম্পত্তি প্রত্যর্পণের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা ভূমি কার্যালয়কে। ভূমি কার্যালয় আবেদনকারীর কাগজপত্র পরীক্ষা করে সঠিক পেলে তাৎক্ষণিক খতিয়ান সংশোধন করে খাজনা গ্রহণ করবে। এ সিদ্ধান্তের আগে নাটোর জেলায় এ ধরনের আবেদন ছিল দুই হাজার ৭৭১টি। শুধু মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই করে এসব আবেদন দ্রুত নিষ্পত্তির সরকারি নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা তা মানছেন না।
এই প্রতিনিধি খোঁজ নিয়ে জেনেছেন, অক্টোবর পর্যন্ত সারা জেলায় ১০০টি আবেদনও নিষ্পত্তি হয়নি। নাটোর শহরের আলাইপুর মহল্লার আছির উদ্দিন বলেন, ‘এক বছর আগে সদর উপজেলা ভূমি কার্যালয়ে প্রত্যর্পণের জন্য আবেদন করেছি। এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। অথচ আমার জমির মালিকানাসংক্রান্ত আমার পক্ষে দুটি চূড়ান্ত ডিক্রি রয়েছে।’
নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার প্রত্যর্পণ আইনের প্রায় ৫০০ মামলা পরিচালনা করেন। তিনি জানান, ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নানা অজুহাতে আবেদনকারীদের হয়রানি করছেন। তাঁদের লাল ফিতায় প্রায় সব আবেদন বন্দী হয়ে আছে। এসব নিষ্পত্তির কোনো আগ্রহই তাঁদের নেই।
লালপুর উপজেলা ভূমি কার্যালয়ের দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা দ্রুততার সঙ্গে আবেদন নিষ্পত্তি করার চেষ্টা করছি। কিন্তু আমাদের হাতে অনেক কাজের দায়িত্ব রয়েছে। এ ছাড়া কাগজপত্র যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সবকিছু মিলিয়ে কিছু সময় তো লাগবেই।’
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদ জানান, জনবল-সংকট ও সরকারি স্বার্থসংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করতে কিছুটা দেরি হচ্ছে। এটা নিয়ে তড়িঘড়ি করা ঠিক হবে না।