নিষ্ফল চেষ্টা, নাটোরে নামেননি খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গত সোমবারের রাজশাহী সফর নিয়ে নাটোর বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে। তবে কোনো পক্ষই চেয়ারপারসনকে নাটোরের মাটিতে নামাতে পারেনি।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, শহর বিএনপির সভাপতি রুহুল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হকের নেতৃত্বে কর্মীরা শতাধিক বাস ও মাইক্রোবাস নিয়ে রাজশাহীতে যান। তাঁদের গাড়িবহরে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারের মুক্তির দাবিসংক্রান্ত ব্যানার, পোস্টার ও ফেস্টুন শোভা পাচ্ছিল। রাজশাহীতে চেয়ারপারসনের বক্তৃতা শেষ হওয়ার কিছু সময় আগেই নেতা-কর্মীরা নাটোরে ফিরে এসে রুহুল কুদ্দুসের বাড়ির সামনের রাস্তায় অবস্থান নেন। রাত পৌনে নয়টার দিকে ঢাকায় ফেরার পথে চেয়ারপারসন সেখানে পৌঁছালে নেতা-কর্মীরা রুহুল কুদ্দুসের মুক্তির দাবির সমর্থনে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করেও সেখানে তাঁকে নামাতে পারেননি। রুহুল আমিন তালুকদার বলেন, ‘আমরা নেত্রীকে নামানোর চেষ্টা করেছি। কিন্তু নিরাপত্তার অভাবে আইন প্রয়োগকারী সংস্থা তাঁকে নামানো উচিত মনে করেনি।’
অপর দিকে আগামী সংসদ নির্বাচনে নাটোর থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি আবুল কাশেম চেয়ারপারসনের মনোযোগ আকর্ষণের জন্য বিলাসী কর্মসূচি গ্রহণ করেন। তিনি বিএনপির তৃণমূল পর্যায়ের পাঁচ হাজার থেকে সাত হাজার নেতা-কর্মী নিয়ে রাজশাহীতে যান। তাঁকে সার্বিক সহযোগিতা দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাঁরা ফিরে এসে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় অবস্থান নেন। সেখানে আগে থেকেই বিপুলসংখ্যক তোরণ নির্মাণ করা হয়। প্রায় আধা কিলোমিটার সড়ক ফুল দিয়ে সাজানো হয়। সন্ধ্যার পর আয়োজন করা হয় আলোকসজ্জার। রাত নয়টার আগমুহূর্তে খালেদা জিয়া ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আবুল কাশেমের সমর্থকেরা তাঁর পক্ষে স্লোগান দিতে থাকেন। চেয়ারপারসন গাড়ির ভেতর থেকে তাঁর (আবুল কাশেম) সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। চেয়ারপারসন সেখানেও নামেননি। শহীদুল ইসলাম বলেন, ‘ম্যাডামের মনোযোগ আকর্ষণ করাই নেতা-কর্মীদের উদ্দেশ্য ছিল। এদিক থেকে আমরা সফল হয়েছি।’
এদিকে নাটোরে বিএনপির দুই পক্ষের আলাদা কর্মসূচি নিয়ে কয়েক দিন ধরেই এলাকাবাসী ও পুলিশের মধ্যে ছিল উদ্বেগ ও উৎকণ্ঠা। পুলিশের পক্ষ থেকে শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে।
প্রসঙ্গত, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার একটি হত্যা মামলায় নয় মাস ধরে কারাগারে রয়েছেন। জেলা বিএনপির নেতারা তাঁর মুক্তির জন্য দলের কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে রুহুল কুদ্দুসকে দলীয় প্রার্থী করার দাবি জানিয়ে আসছেন। তবে দলের একটি অংশ শিল্পপতি আবুল কাশেমকে আগামী নির্বাচনে নাটোর-২ আসনের প্রার্থী হিসেবে দেখতে চাইছে। দুই বছর ধরে এ দুটি পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে।