নিস্তেজ হয়ে আসছেন শিরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী সোহেল ইবনে করিমের নির্যাতন সহ্য করতে না পেরে তাঁকে তালাক দিয়েছিলেন বগুড়ার আদমদীঘি উপজেলার কলেজছাত্রী শিরিন আক্তার। কিন্তু রেহাই মেলেনি। তালাক দেওয়ায় ক্ষিপ্ত সোহেল দলবল নিয়ে নশরৎপুর ইউনিয়নের ডুমুরী গ্রামে শিরিনের বাবার বাড়িতে হামলা চালান। এ সময় শিরিনের মাথায় আঘাত করেন এবং দুই পায়ের রগ কেটে দেন সোহেল।অসহায় বাবা আজিজার রহমান সর্বস্ব বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছেন। এখন আর চিকিৎসা করানোরও ক্ষমতা নেই তাঁর। চিকিৎসার অভাবে এখন যেন নীরবে মৃত্যুর প্রহর গুনছেন শিরিন।আজিজার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়েটাকে নিয়ে বগুড়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে মাসের পর মাস দৌড়িয়েছি। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে জমিজমা সব বিক্রি করেছি। এখন টাকার অভাবে আর পারছি না। বাড়িতে এনে রেখেছি। চিকিৎসক অন্তত ওষুধগুলো চালিয়ে যেতে বলেছিলেন। সেই ওষুধও আর কিনতে পারছি না। মেয়েটা এখন আর কথাও বলতে পারে না। ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ছে। শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। এ অবস্থা চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না।’ আজিজার রহমান আরও জানান, শিরিনকে সর্বশেষ ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখানে দুই মাসে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়। ওই হাসপাতালের ভারতীয় চিকিৎসক ডকওয়ান এবং এস কে দাস বলেছিলেন, শিরিনের সেরে উঠতে অনেক সময় লাগবে। মেয়েটির পরিবার আর খরচ চালাতে না পারায় বাড়িতে এনে তাঁদের ব্যবস্থাপত্র অনুযায়ী মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে আর দরকারি ওষুধগুলোও কেনা সম্ভব হচ্ছে না শিরিনের পরিবারের। একই গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, ‘ঢাকা থেকে চিকিৎসা করিয়ে আনার পর শিরিন হুইলচেয়ারে চলাফেরা করতে পারত। কিন্তু এখন আর তা-ও পারে না। মেয়েটা বিছানায় পড়ে গেছে।’২০১২ সালের ১৩ ডিসেম্বর শিরিন আক্তারের ওপর হামলা চালান তাঁর সাবেক স্বামী। এ ঘটনায় শিরিনের বাবা বাদী হয়ে উপজেলার তালসন গ্রামের আবদুল করিমের ছেলে সোহেল ইবনে করিমসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করেন। পুলিশ সোহেলসহ তিনজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা পলাতক রয়েছেন। এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজামেঞ্চল হক বলেন, মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।