নিহত অটোরিকশা চালকের পরিবারকে আর্থিক অনুদান
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়ন এবং আদমদীঘি উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির মধ্যে আধিপত্য নিয়ে ৮ জানুয়ারির সংঘর্ষে সন্ত্রাসীদের হামলায় জোড়া খুনের ঘটনা ঘটে। খুন হন সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলামের ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম এবং অটোরিকশার চালক সোহরাব হোসেন।
নিহত দুই ব্যক্তির পরিবারের মধ্যে গতকাল বুধবার দুপুরে সোহাগের স্ত্রী, মা-বাবাকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান। আর্থিক অনুদান প্রদান করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাজেদুল ইসলাম, আবুল কাসেম প্রমূখ।